খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার শ্রীরামপুর এলাকার রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।
স্থানীয়রা জানান, নিহতের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছেন। ফখরুলও প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ইটভাটা ও মাছের ঘের দেখাশোনার জন্য সেখানে যান।
এর আগে মঙ্গলবার বিকেলে ইটভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে তৈয়ব রাতে দায়িত্ব পালন করতে যাননি বলে স্থানীয়রা জানিয়েছেন।