কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার সরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিবিশেষকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন, এমন ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা রয়েছেন। তাঁদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এসব নির্দেশনায় পুলিশকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
তবে যেকোনো নাশকতা প্রতিরোধে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রগুলো। মাঠপর্যায়ে পুলিশের বাড়তি সতর্কতা ও প্রস্তুতির পাশাপাশি ঢাকাসহ দেশের আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।