You have reached your daily news limit

Please log in to continue


গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ কারখানা

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে মোট ১১৮টি কারখানা বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেল দুই পুলিশ সদস্য ও চার আনসার সদস্য আহত হয়েছেন।

‘এ ছাড়া মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক’, বলেন তিনি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ডেইলি স্টারকে বলেন, ৩৫ পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিকদের বিক্ষোভের জেরে আরও ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার-আশুলিয়ায় বন্ধ ৮৫ কারখানা

এদিকে, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ৬০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টিসহ বিভিন্ন ধারায় মোট ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে দুপুর ২টা পর্যন্ত মোট ৬০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, আজ সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ডেইলি স্টারকে বলেন, বহিরাগত শ্রমিকরা পাশের একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন