এমপি গেলেন, প্রশ্ন রয়ে গেল: নৈতিকতা কি সবার জন্য সমান?
একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত জীবন কতটা ব্যক্তিগত? একজন রাজনৈতিক দলের সদস্যের ব্যক্তিগত আচরণ কখন দলীয় নৈতিকতার প্রশ্ন হয়ে ওঠে? আর কোনো দল যখন তার একজন সংসদ সদস্যকে ‘নৈতিক স্খলনের’ অভিযোগে বহিষ্কার করে, তখন সেটি কি কেবল একজন ব্যক্তির শাস্তি, নাকি রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি বৃহত্তর বার্তাও বহন করে?
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের ঘটনা এই প্রশ্নগুলো নতুন করে সামনে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। প্রথমে ভিডিওগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে গাজী নজরুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং পারিবারিকভাবে, প্রথম স্ত্রীর সম্মতিতে, গত ১৭ জুন তাঁদের বিয়ে হয়েছে। এরপর জামায়াতে ইসলামীর সাংগঠনিক তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ২২ জুলাই তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ অবস্থায় তাঁর এমপি পদও ঝুঁকিতে পড়লো।
এ ঘটনা নিয়ে জনমনে নানা মত থাকতে পারে। কারও কাছে এটি ব্যক্তিগত জীবনের বিষয়, কারও কাছে রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই—রাজনীতিতে নৈতিকতার দাবি যত বেশি উচ্চারিত হবে, সেই দাবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত আচরণও তত বেশি জনপরিসরের আলোচনায় আসবে।
রাজনীতির ইতিহাসে নৈতিকতার প্রশ্ন কখনোই পুরোপুরি ব্যক্তিগত ছিল না। একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত আচরণ এবং একজন জনপ্রতিনিধির আচরণের সামাজিক অভিঘাত এক নয়। কারণ জনপ্রতিনিধি কেবল নিজের প্রতিনিধিত্ব করেন না; তিনি একটি দল, একটি নির্বাচনি এলাকার জনগণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরও প্রতিনিধিত্ব করেন। তাঁর আচরণ মানুষের কাছে রাজনৈতিক আদর্শের প্রতীক হয়ে উঠতে পারে। ফলে ব্যক্তিগত স্বাধীনতা ও জননৈতিকতার মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ সীমারেখা রয়েছে।
তবে এখানেই একটি সতর্কতা জরুরি। নৈতিকতার নামে ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপ যেমন বিপজ্জনক, তেমনি রাজনৈতিক দলগুলো যদি নৈতিকতার কথা বলে, অথচ নিজেদের সুবিধামতো তা প্রয়োগ করে, সেটিও সমান বিপজ্জনক। নৈতিক শাস্তি হতে হবে স্বচ্ছ, নিয়মভিত্তিক ও সবার জন্য সমান। দলীয় পদমর্যাদা, রাজনৈতিক প্রভাব কিংবা জনপ্রিয়তা—কোনোটিই যেন নৈতিক জবাবদিহির বাইরে থাকার ঢাল না হয়।
গাজী নজরুল ইসলামের বহিষ্কারের ঘটনায় যে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তা হলো—একটি দল তার নিজস্ব গঠনতন্ত্রের ধারার ভিত্তিতে সাংগঠনিক তদন্তের কথা বলেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। এটি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ জবাবদিহির প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। কিন্তু একই সঙ্গে প্রশ্নও উঠবে: নৈতিকতার মানদণ্ড কি স্পষ্ট? দলীয় গঠনতন্ত্রে ‘নৈতিক স্খলন’র সংজ্ঞা কী? একই ধরনের অভিযোগে সব সদস্যের জন্য কি একই ব্যবস্থা নেওয়া হবে? তদন্তের প্রক্রিয়া কতটা স্বচ্ছ? অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ কতটা ছিল?
এই প্রশ্নগুলোর উত্তর গুরুত্বপূর্ণ। কারণ নৈতিকতা কোনো দলের প্রচারপত্রে লেখা কয়েকটি শব্দ নয়; এটি প্রতিষ্ঠিত হয় ধারাবাহিক আচরণে। রাজনৈতিক দল যদি নৈতিকতার কথা বলে, তবে তাকে নিজের ভেতরেও সেই নৈতিকতার চর্চা করতে হবে।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন বাস্তবতাকেও সামনে এনেছে। আজ কোনো ব্যক্তির ব্যক্তিগত মুহূর্ত মুহূর্তেই লাখো মানুষের সামনে চলে আসতে পারে। ভিডিও সত্য না মিথ্যা—এ প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির নতুন জটিলতা। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও, ব্যক্তিগত ভিডিও ফাঁস, ডিজিটাল হয়রানি—সবই এখন বাস্তবতা। ফলে কোনো ভিডিও ভাইরাল হলেই সেটিকে সত্য ধরে নেওয়া যেমন বিপজ্জনক, তেমনি দ্রুত রাজনৈতিক রায় দেওয়াও দায়িত্বশীলতার পরিচয় নয়।