ভোটের ইতিহাস সংরক্ষণের ধারাবাহিকতায় ফিরছে ইসি

কালের কণ্ঠ কাজী হাফিজ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১৩:০৬

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান প্রতিবেদন তৈরি করতে যাচ্ছে। কমিশনের ভাষায় এটি হবে ‘বিস্তারিত বিশ্লেষণাত্মক এবং পরিসংখ্যান প্রতিবেদন’।

এরই মধ্যে একজন নির্বাচন বিশেষজ্ঞকে এ বিষয়ে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই উদ্যোগ সম্পর্কে  বলা যায়, আমাদের নির্বাচনী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে লিপিবদ্ধ হতে যাচ্ছে। এতে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন পরিসংখ্যানের সঙ্গে প্রেক্ষাপট হিসেবে উঠে আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার নির্বাচনব্যবস্থা কিভাবে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল তার চিত্র, যা আগের তিন নির্বাচন কমিশন সংরক্ষণ করতে চায়নি।


দলীয় সরকারের অধীনে ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো পরিসংখ্যান প্রতিবেদন নির্বাচন কমিশনে নেই।

২০১৪ সালে একপক্ষীয় ও  প্রায় বিনা ভোটের দশম জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করা হলেও তাতে ওই নির্বাচনের প্রেক্ষাপট, অনিয়ম ও সরকারি হস্তক্ষেপ সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি। এতে নির্বাচন বর্জনকারী বিরোধী দলগুলোর যৌক্তিক আন্দোলনকেই অপরাধ হিসেবে চিহ্নিত করার চেষ্টা হয়। এ ছাড়া বলা হয়, ‘তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ার পর নির্বাচিত সরকারের অধীনে এ নির্বাচনে দেশবাসীর প্রত্যাশা ছিল অনেক এবং আন্তর্জাতিক মহলেও আগ্রহ ছিল ব্যাপক।’ এ আগ্রহের সমর্থনে এই তথ্য দেওয়া হয় যে, ‘বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের  চারজন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন।

’ প্রতিবেদনটির মুখবন্ধের শুরুতেই বলা হয়, ‘নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্পন্ন করে।’ নির্বাচন কমিশন ওই সময় প্রথমে ইউএনডিপির ‘এসইএমবি’ প্রজেক্টের মাধ্যমে এ প্রতিবেদন ছাপতে চাইলে ইউএনডিপি রাজি হয়নি। পরে কমিশন নিজেদের (সরকারি) খরচে এর মুদ্রণের কাজ শেষ করে।


নির্বাচন  বিশেষজ্ঞরা বলে থাকেন, সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনের পরিসংখ্যান প্রতিবেদন নির্বাচনী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। যেকোনো কর্মযজ্ঞের পরিসংখ্যান একই কর্মের ভবিষ্যৎ পরিকল্পনার একটি অপরিহার্য অংশ।

এটি প্রকাশ না করাটা দুঃখজনক। এক ধরনের দায়িত্বহীনতাও বটে। বিশেষ করে ২০১৮ ও ২০২৪ সালের পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ না হওয়াটা বা প্রকাশের ন্যূনতম উদ্যোগ না নেওয়াটা নির্বাচনের নামে প্রহসনকে আড়াল করার অপচেষ্টারই নামান্তর।


১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছাড়া সব জাতীয় নির্বাচনেই আগের সব নির্বাচন কমিশন পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করে এসেছে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় একটি ভিন্ন প্রেক্ষাপটে। তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির প্রতিশ্রুতি অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতার এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ মাত্র ১২ দিন স্থায়ী হয় এবং স্বল্পকালীন এই সংসদের মাধ্যমে বিরোধী দলগুলোর দাবি অনুসারে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ওই বছরের ৩০ মার্চ রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন। রাষ্ট্রপতি সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করেন।


নির্বাচন কর্মকর্তাদের মূল্যায়নে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান প্রতিবেদনটি সবচেয়ে তথ্যসমৃদ্ধ। এর উপক্রমণিকায় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭৩ সালের ৭ মার্চে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি পদ্ধতির অধীনে একদলীয় শাসনব্যবস্থার প্রবর্তন,  ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সেই ব্যবস্থা রহিত, পরবর্তীকালে ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্যান্য বিধানাবলির সঙ্গে জনগণের মৌলিক মানবাধিকার বলবৎকরণ এবং রাষ্ট্রপতি শাসনব্যবস্থার অধীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগের ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়। এরপর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দ্বিতীয় সাধারণ নির্বাচন ও নির্বাচনে জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৭টি, বাংলাদেশ আওয়ামী লীগ (মালেক) ৩৯টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা কে কয়টি আসন পায় সেই তথ্য তুলে ধরা হয়।


এরপর ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুঃখজনকভাবে নিহত হওয়ার পর উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ এবং ওই বছরের ১৫ নভেম্বর  অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিচারপতি আবদুস সাত্তারের রাষ্ট্রপতি হওয়ার ঘটনাক্রমও এতে বর্ণনা করা হয়।


১৯৮২ সালের ২৪ মার্চ দেশে সামরিক আইন জারির মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য করা এবং এরশাদের ক্ষমতা দখলের বিষয়টিও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান প্রতিবেদনে উঠে আসে। এতে ১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদের তৃতীয় নির্বাচনের প্রেক্ষাপট, সে নির্বাচনে বিএনপিপ্রধান বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৭ দলীয়  জোট  অংশ না নিলেও জামায়াতসহ আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনার নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের নির্বাচনে অংশগ্রহণ, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ পরের বছরের ৬ ডিসেম্বর ভেঙে দেওয়া—এসব তথ্যও সন্নিবেশিত হয়। উল্লেখ করা হয়,  ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত ব্যর্থ সংসদ নির্বাচনের কথা। প্রতিবেদনটিতে বলা হয়, ‘প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচনের ফলাফল দেশের রাজনৈতিক মহলে বিশেষ কোনো প্রভাব বিস্তার করিতে পারে নাই। বরং লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলসমূহ, ছাত্রসমাজ ও সমাজের বিভিন্নস্তরের এবং বিভিন্ন পেশার লোকজন হরতাল ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। ফলে ১৯৯০ সালের ১৪ অক্টোবর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।’ এরপর  দেশে জরুরি অবস্থা জারি, গণ-অভ্যুত্থানে এরশাদের পতন, বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং সে নির্বাচনের বিস্তারিত পরিসংখ্যান ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও