পুলিশে বড় রদবদল: সিআইডি প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক
পুলিশ প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং হাইওয়ে পুলিশের নতুন প্রধানসহ মোট ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডি এবং অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে পুলিশের গুরুত্বপূর্ণ এই দুই ইউনিটের প্রধানের পদ শূন্য ছিল। একই আদেশে অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে এবং মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট এবং স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।