ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আহত আইনজীবী নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়ে বলেন, সেখানকার আইনজীবীরা ও স্থানীয়রা রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
“আমরা তাকে হেফাজতে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।”
ডিএমপির প্রসিকিউশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেছেন, "সিএমএম আদালতের উপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"