ইরান যুদ্ধে ভাগ্যবদল: রাতারাতি ধনী হয়ে যাচ্ছে কিছু মানুষ!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১৯:৫৩
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাত এবং যুদ্ধাবস্থার আসল বিজয়ী কে? আপাতদৃষ্টিতে এই প্রশ্নের উত্তর খোঁজা কঠিন হলেও পর্দার আড়ালে একদল মার্কিনি ঠিকই এই পরিস্থিতি থেকে বিপুল মুনাফা লুটে নিচ্ছেন। তবে তারা কোনো অস্ত্র ব্যবসায়ী বা খনিজ তেল খাতের করপোরেট জায়ান্ট নন; এরা হলেন ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির পেস্তা বাদাম (Pistachio) চাষি।
রিভারডেলের সান জোয়াকিন ভ্যালিতে চার প্রজন্ম ধরে কৃষিকাজ করছে জো কোয়েলহোর পরিবার। দীর্ঘ কয়েক দশক ধরে দুগ্ধ খামার পরিচালনার পর ২০২১ সালে গরু বিক্রি করে তারা পুরো জমিতে পেস্তা বাদামের গাছ লাগান। ভ্যালির শুষ্ক ও তীব্র গরমে এই ফসলের ফলন চমৎকার হয়।