রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভিড়। সেই ভিড়ের মধ্যেই কন্যা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন একজন অভিভাবক। জানা গেল, বড় ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে, ছোট মেয়েকে এখনো স্কুলে দেননি। ছেলেকে স্কুলে ঢুকিয়ে অন্যান্য অভিভাবকদের সাথে লেখাপড়ার ভবিষ্যৎ নিয়েই গল্প করছিলেন, সে ফাঁকেই তার সাথে আলাপ।
কথা বলতে বলতে তিনি বললেন, সরকারি স্কুলে ছেলের বই বিনা মূল্যে পাই এটা অনেক বড় সহায়তা। কিন্তু শুধু বই পেলেই তো সব হয় না। কোচিং, খাতা-কলম, পোশাক, যাতায়াত সব মিলিয়ে অনেক খরচ! আর ছোট মেয়ের জন্য একটা ভালো প্রি-স্কুল খুঁজছি, কিন্তু যেগুলো ভালো, সেগুলোর খরচ আমাদের সামর্থ্যের বাইরে।
অভিভাবকের সাথে কথার মাধ্যমে বাংলাদেশের লাখো পরিবারের বাস্তবতার আঁচ পাওয়া যায়। আমরা যখন জাতীয় বাজেট নিয়ে কথা বলি, তখন সাধারণত রাস্তা, সেতু, জিডিপি, কর, মূল্যস্ফীতি—এসব শব্দই বেশি শোনা যায়। কিন্তু খুব কমই প্রশ্ন ওঠে, ‘এই বাজেটে শিশুদের জন্য কী আছে?’