মুঠোফোন সেবা: ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকার
মুঠোফোন সেবা থেকে মোবাইল অপারেটররা যে আয় করে তার ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই সরকার কর ও ফি বাবদ নিয়ে যায়। বিশ্লেষকেরা বলছেন, অতীতের সরকারগুলো টেলিযোগাযোগ খাতকে রাজস্ব আয়ের একটি বড় উপায়ে পরিণত করেছে। এর ভুক্তভোগী সাধারণ মানুষ। অপারেটরগুলো সরকারকে টাকা দিয়ে এবং নিজেদের আয় ঠিক রাখতে গিয়ে সেবার মান উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ করে না। অতীতের সরকারগুলোও মুঠোফোন সেবার দাম কমানো এবং মানোন্নয়নে যথেষ্ট জোর না দিয়ে রাজস্ব আদায়ে বেশি গুরুত্ব দিয়েছে।
এমন প্রেক্ষাপটে আজ রোববার দেশে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’।
দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি ৬১ লাখ (অনেক ক্ষেত্রে একজনের একাধিক সিম থাকে)। দেশের মানুষের নানা সেবা, ব্যবসা, বিনোদনসহ সবকিছুর সঙ্গেই এখন মুঠোফোন সেবা যুক্ত। কিন্তু প্রতিবেশী ও সমপর্যায়ের অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশ স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে আছে।
বিশ্লেষকেরা এ জন্য মূলত স্মার্টফোনের চড়া দাম ও মুঠোফোন সেবার বাড়তি মূল্যকে দায়ী করে থাকেন। অন্যদিকে অপারেটররা দায়ী করে উচ্চ কর ও ফির হারকে। দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, গ্রাহকের স্বার্থ রক্ষা, ধারাবাহিকভাবে বিনিয়োগ নিশ্চিত করা, ডিজিটাল জীবনধারার প্রসার এবং ডিজিটাল বৈষম্য কমাতে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন। এটি করা হলে দেশের অর্থনীতি উপকৃত হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মোবাইল অপারেটর
- টেলিকম খাত