ঈদযাত্রায় চন্দ্রা-বাইপাইলসহ ৪ এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ: সড়কমন্ত্রী
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ, অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ সোমবার বিকেলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ঈদের প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান। একই সঙ্গে অতিরিক্ত বাস মোতায়েন, পুলিশি নজরদারি বৃদ্ধি এবং ফেরিঘাট ও সদরঘাটে নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সড়ক মন্ত্রী জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রেল, নৌ ও সড়ক পরিবহন খাতে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠকে গত ঈদের ভোগান্তি এবং দুর্ঘটনার কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ওই বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, বিআরটিএ, বিআরটিসি, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, এলজিআরডিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।