ঘেরের পানিতে মাছ, আইলে সবজি—তালায় সমন্বিত চাষে কৃষকের সাফল্য
মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচের পানিতে মাছ—একই জমিতে চলছে মাছ ও সবজির সমন্বিত চাষ। এতে একদিকে যেমন বাড়ছে কৃষকের আয়, অন্যদিকে অব্যবহৃত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার শত শত কৃষক।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে তালা উপজেলার পাটকেলঘাটা, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় চোখে পড়ছে এমন নয়নাভিরাম দৃশ্য। মৎস্য ঘেরের আইলে সারি সারি মাচা, আর তাতে ঝুলছে লাউ, কুমড়া, করলা, ধুন্দুল, ঝিঙে, বরবটি, পুঁইশাকসহ নানা ধরনের সবজি। একই সঙ্গে ঘেরের পানিতে চলছে মাছ চাষ।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরঘাটা, সরুলিয়া, খলিষখালীসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সমন্বিত এই চাষ পদ্ধতি ছড়িয়ে পড়েছে। উপজেলায় প্রায় ২৭৬ হেক্টর জমিতে সমন্বিত চাষ হচ্ছে। মৎস্য ঘেরের আইলে সবজি চাষকে লাভজনক বলে মনে করছে কৃষি বিভাগ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষি কার্যক্রম