হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এটি ছিল একধরনের প্রতিজ্ঞা—নিজেকে জানার, পৃথিবীকে ছুঁয়ে দেখার এবং মানুষকে কাছ থেকে বোঝার। আজকে যখন লিখছি, তখন ক্যালেন্ডারে মাসের নাম মার্চ। দেখতে দেখতে পৃথিবীর পথে পাথুরে বেড়ানোর ৭১৩তম দিন চলছে।
২০২৪ সালের ২২ মার্চ বাংলাদেশ থেকে যাত্রা শুরু করি। তখন জানতাম না, এই পথ আমাকে কত রকম উপলব্ধির সামনে দাঁড় করাবে। আজ পর্যন্ত আমি হেঁটে পাড়ি দিয়েছি ভারত, উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। এসব দেশ ঘুরে আবার এসেছি নেপালে। প্রতিটি দেশ নতুন কিছু শিখিয়েছে। দেখিয়েছে ভাষা, সংস্কৃতি, খাদ্য, জীবনযাপন—সবকিছুতে ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষের হৃদয়ে এক আশ্চর্য মিল আছে।