You have reached your daily news limit

Please log in to continue


নারী বিপিএল : ৩ ফ্র্যাঞ্চাইজি ও ১০ দিনের আসর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডানা মেলছে বাংলাদেশের নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল, বিগ ব্যাশ কিংবা দ্য হানড্রেডের আদলে এবার ঘরের মাঠে আয়োজিত হতে যাচ্ছে ‘উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লুবিপিএল)। আজ রোববার অনুষ্ঠিত বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভায় টুর্নামেন্টের উদ্বোধনী আসরের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, প্রথম আসরের এই টুর্নামেন্টটি আগামী ৪ এপ্রিল ২০২৬ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে ৩ এপ্রিল শুরুর কথা থাকলেও বোর্ড সভায় তা একদিন পিছিয়ে ৪ এপ্রিল চূড়ান্ত করা হয়েছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজিত হবে ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসবে নারী বিপিএলের প্রথম আসর।

বিসিবি সূত্রে জানা গেছে, নারী বিপিএলের প্রথম আসরে ড্রাফটের চেয়ে ‘নিলাম’ পদ্ধতির দিকেই বেশি ঝুঁকছে বোর্ড। দেশের শীর্ষ নারী ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বের নামী-দামী বিদেশি ক্রিকেটাররাও এই লিগে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রথম আসরে আপাতত ৩টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

নারী বিপিএলের ‘নারী বিপিএল গভর্নিং কাউন্সিল’-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে। তার নেতৃত্বাধীন কমিটিই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি মালিকানা, স্পনসরশিপ ও নিলামের পুরো প্রক্রিয়াটি তদারকি করবে। দশ দিনের এই জমজমাট আসরটি বাংলাদেশের নারী ক্রিকেটের মান উন্নয়ন এবং পাইপলাইনে থাকা নতুন ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রে এক মাইলফলক হয়ে থাকবে বলে বিশ্বাস করছে বিসিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন