নতুন সরকারের প্রথম দিন ও সামনের পথ
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে। মাঝে সিন্ডিকেটের কথাও শোনা যাচ্ছে। এর মাঝে সরকারের এক মন্ত্রী ফেসবুকে সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন। তাতে ফল কতটা হবে জানি না। তবে বাজার তদারকি জোরদার, সরবরাহ চেইনে স্বচ্ছতা এবং ভোক্তা সুরক্ষায় কার্যকর ব্যবস্থা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবেই মনে হচ্ছে। সরকারের এখনো ‘মধুচন্দ্রিমা’ শেষ হয়নি, তারপরও মনে রাখতে হবে, জনগণ খুব দ্রুত সময়ে স্বস্তি প্রত্যাশা করে। আর এই বাস্তবতা উপেক্ষা করার সুযোগও নেই।
দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতিসহ তিন অগ্রাধিকার নির্ধারণ করেছেন। সরকার পরিচালনার শুরুতে এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত ও জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। তবে এসব অগ্রাধিকার বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা খুবই জরুরি। নতুন সরকারের প্রথম দিনেই স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে যে শক্ত অবস্থানের কথা প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেটা ইতিবাচক বলে আমরা মনে করি। তবে এ নীতি বাস্তবায়ন করতে গেলে শুরু থেকেই মন্ত্রিসভার সদস্যদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনায় নয়; মেধার ভিত্তিতে মূল্যায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, জনপ্রশাসনের সব স্তরেই তার বাস্তবায়ন প্রয়োজন।
- ট্যাগ:
- মতামত
- নতুন সরকার