ছবি সংগৃহীত
ঢাকার সবচেয়ে প্রাচীন শিশু পার্কের বেহাল দশা
আপডেট: ২১ জানুয়ারি ২০১৭, ০০:২৯
শহীদ জিয়া শিশুপার্ক। ফাইল ছবি
(প্রিয়.কম) শাহবাগের শিশুপার্কটি ঢাকার সবচেয়ে প্রাচীন শিশু পার্ক। শিশুদের বিনোদনের জন্য পাবলিক সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই শিশুপার্কটি ১৯৮৩ সাল থেকে বিনোদনকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে। ঢাকা বিভক্তির আগে থেকে এ পর্যন্ত উত্তরে সরকারি উদ্যোগে সে ধরনের কোনো শিশুপার্ক গড়ে ওঠেনি। আর দক্ষিণে রাজধানীর একমাত্র এই শিশুপার্কেরও বেহাল দশা।
১৯৭৯ সালে ‘শহীদ জিয়া শিশুপার্ক’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত শাহবাগ শিশু পার্কটি শহীদ জিয়া শিশুপার্ক বা ঢাকা শিশুপার্ক হিসেবেও পরিচিত।
এ পার্কের অধিকাংশ রাইডের অবস্থা খুবই শোচনীয়। মেয়াদোত্তীর্ণ এই রাইডগুলো ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ পার্কের উন্নয়নে প্রতি বছর সিটি করপোরেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়।
শিশুদের বিনোদনে জন্য সরকারিভাবে এটিই দেশে প্রথম কোনো শিশুপার্ক। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ১৫ একর জায়গার ওপর গড়ে ওঠা পার্কটির তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ পার্কে বর্তমান রাইডের সংখ্যা ১২। কিন্তু ৩৭ বছরের পুরোনো এ পার্কের রাইডগুলোর বেহাল দশা। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিশুদের জন্য ঢাকার একমাত্র এই বিনোদন কেন্দ্রটির বেশির ভাগ রাইডই পুরনো ও ঝুঁকিপূর্ণ। যন্ত্রপাতি অকেজো থাকায় রাইডগুলোর কিছু বন্ধও আছে। কিছু রাইডে নেই সিটবেল্ট। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, ঢাকার বিভক্তির আগে বেসরকারি উদ্যোগে বিভিন্ন টেন্ডারের মাধ্যমে শাহবাগের শিশুপার্কের নতুন রাইড ক্রয়ের জন্য প্রকল্প গৃহীত হলেও উচ্চ মূল্যের কারণে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি।
নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ক্রমেই কংক্রিটের নগরীতে পরিণত হচ্ছে এবং পার্কের অভাবে বিনোদন খুঁজতে ঢাকার শিশু-কিশোররা হয়ে পড়ছে কম্পিউটারনির্ভর’। আশার কথা এই যে, ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে সর্বাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সংবলিত শিশুপার্ক নির্মাণ করতে যাচ্ছে ডিএসসিসি।’
এ ছাড়া ঢাকার উত্তরেও যন্ত্রচালিত আধুনিক পার্ক তৈরির কথা ভাবা হচ্ছে। এ জন্য বনানী পার্ক ও উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্কসহ বেশ কয়েকটি পার্কে নতুন উপকরণসহ শিশুবান্ধব পার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক
প্রিয় সংবাদ/এআই/এমআর
- ট্যাগ:
- বাংলাদেশ
- পার্ক
- সিটি করপোরেশন