রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন অধ্যাপক ডা. হারুন আর রশিদ। ছবি: সংগৃহীত
কিডনি চিকিৎসায় অবদানের স্বীকৃতি পেলেন অধ্যাপক হারুন
আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮, ১৬:৪৫
(প্রিয়.কম) দেশে কিডনি রোগীদের চিকিৎসা, কিডনি সংযোজন ও ডায়ালাইসিস সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ।
১৩ জানুয়ারি শনিবার রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে হারুনের হাতে এ পুরস্কার তুলে দেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির (আইএসএন) সাবেক প্রেসিডেন্ট ও অনুষ্ঠান সমন্বয়ক জন ফিহালি।
কিডনি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএসএন, কিডনি ফাউন্ডেশন ও বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. রফিকুল আলম, মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম, কিডনি ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এম এ ওয়াহাব, মহাসচিব অধ্যাপক ডা. এম. মুহিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মিরপুরে গড়ে ওঠা আধুনিক মানের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ আমাদের গৌরব। তিনি অনেক সীমাবদ্ধতা সত্বেও বাংলাদেশের কিডনি রোগীদের চিকিৎসায় যে ভূমিকা রেখে চলেছেন, তা তুলনাহীন।’
উন্নয়নশীল দেশে কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় অগ্রণী ভূমিকার জন্য প্রতি বছর সম্মানসূচক ‘আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করে বিশ্বের ১৫২টি দেশের কিডনি রোগবিষয়ক চিকিৎসকদের অলাভজনক সংস্থা আইএসএন।
প্রিয় সংবাদ