ছবি সংগৃহীত
ভালোবেসে ভালো আছি...
আপডেট: ১৫ নভেম্বর ২০১৬, ১১:২৫
ভালোবাসার বন্ধনে টনি-প্রিয়া/ ছবি: ফেসবুক
(প্রিয়.কম) ভালোবাসা প্রকাশের বিভিন্ন ধরণ রয়েছে। মানব-মানবীর বয়সভেদেও রয়েছে এর বিভিন্ন রং। ভালোবাসার মাধ্যমে যেমন মরুর বুকে জল এনে ফুল ফোটানো সম্ভব; তেমনি এর কারণে নগরী ধ্বংস হওয়ার মতোও ইতিহাস রয়েছে। তার পরও কোনোরকমের হিসাব-নিকাশ ছাড়াই মানুষ ভালোবাসে। প্রেম যমুনায় সাঁতার কেটে ভালোলাগার অমিয় সুধা পান করে। ভালোবাসার এই মোহময় নেশায় আসক্ত হয়েছিলেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। প্রথম দেখাতেই দু’জনার দু’জনকে ভালো লেগে যায়। এই ভালোলাগা ধীরে ধীরে ভালোবাসায় রূপ লাভ করে। অতঃপর তারা ঘর বেঁধে ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেন ২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি’।
বিশ্ব ভালোবাসা দিবসেই সেই ভালোবাসাকে বিয়ের রুপে নিয়ে গেছেন তারা। ভালোবাসা দিবসে বিয়ের ব্যাপারটি অবশ্য বিয়ের অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলেন টনি ডায়েস। সে ব্যাপারটিও তিনি তার ফেসবুকে লিখেছেন। তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় পড়ি যখন ঠিক করেছিলাম ‘ভালোবাসা দিবসে বিয়ে করব। কিন্তু কেউ হাতটা বাড়িয়ে দেয়নি। হঠাৎ একদিন পাশে এসে দাঁড়ালো একজন। হাতটা ধরলো। ১৪ ফেব্রুয়ারি আমাদের বাড়িতে বউ হোয়ে এলো প্রিয়া। জয় করে নিলো সবার মন।’
তারকা যুগল টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। এ মুহূর্তে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় প্রবাস জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরেই তারা সেখানে আছেন। যে কারণে মিডিয়ায়ও দীর্ঘদিন তাদের কোন ব্যস্ততা নেই। তবে মিডিয়া থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরব রয়েছেন টনি ডায়েস ও প্রিয়া। সে সূত্রে বাংলাদেশের রেখে যাওয়া মিডিয়া বন্ধু, সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ চলছে নিয়মিত। আমেরিকায় প্রবাস জীবনে বেশ ভালোই আছেন টনি ও প্রিয়া। সন্তান-সংসার নিয়ে বেশ সুখেই কাটছে তাদের জীবন। আর সে চিত্রের দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
মেয়ে অহনা এবং স্ত্রী প্রিয়া ডায়েসসহ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাসবাসরত আছেন টনি ডায়েস। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। প্রবাস জীবনে ব্যবসার পাশাপাশি আমেরিকার লস অ্যাঞ্জেলেস ও ডালাসের একাধিক বাংলা টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এছাড়া জ্যামাইকার বিখ্যাত কোম্পানি হিলসাইড হোন্ডার সেলস কলসালটেন্ট হিসেবেও কর্মরত আছেন।
১৯৯৪ সাল থেকে চারশতাধিক নাটক, সিরিয়াল আর টেলিফিল্মে কাজ করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্র ‘পৌষ মাসের পিরিত’, ‘মেঘের কোলে রোদ’, ‘রূপকথার রাজকন্যার গল্প’। এছাড়া তিনি অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘টমটম’, `ভূতের গলি`, ‘ছায়াবৃতা’ প্রভৃতিতে। টনি ডায়েস পরিচালিত নাটক ‘পুরো রাত আর অর্ধেক চাঁদ’। `লাস ভেগাস` নামে একটি মার্কিন টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন টনি ডায়েস।
সম্পাদনা: গোরা