অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত
অনন্তের নতুন ছবি ‘দিন-দ্য ডে’র শুটিং শুরু হচ্ছে
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৪
(প্রিয়.কম) বাংলাদেশের আলোচিত অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ছয়টি ছবিতে অভিনয় করেন। মুক্তির পর সবগুলো ছবিই ছিল আলোচনার শীর্ষে। স্ত্রী আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। নতুন খবর হলো, এই নায়কের ছবি ‘দিন-দ্য ডে’র শুটিং শুরু হচ্ছে শিগগিরই।
চলতি বছরের শুরুতে অভিনেতা অনন্ত তার নতুন ছবি ‘দিন-দ্য ডে’ নির্মাণের ঘোষণা দেন। ছবিটিতে তিনি ও তার স্ত্রী বর্ষা অভিনয় করবেন বলেও জানিয়েছেন তিনি।
৫ সেপ্টেম্বর, বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে অনন্ত জানান, এরই মধ্যে ‘দিন-দ্য ডে’ ছবিটির নির্মাণের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন। আর কয়েকদিন পরই ছবিটির শুটিং শুরু হবে।
ছবিটির বিষয়ে ফেসবুকে পোস্ট করা অনন্তের লেখাটি প্রিয়.কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনার সকলে নিশ্চয়ই অবগত আছেন যে, ইসলাম সম্পর্কিত ঘটনা নিয়ে আমি একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। ‘‘দিন-দ্য ডে’’ নামের ছবিটি নির্মাণের প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। পূর্ণাঙ্গভাবে কিছু দিন পরেই চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ শুরু হবে।
সাংবাদিক ভাই-বোন ও সকল সংবাদমাধ্যমকে আমার অন্তরের ভালোবাসা। কারণ আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমার সকল চলচ্চিত্রের সাফল্য কামনা করেছেন ও সংবাদ পরিবেশন করেছেন। সে জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে আমার ‘‘দিন-দ্য ডে’’ চলচ্চিত্রের বাজেট সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। ‘‘দিন-দ্য ডে’’ চলচ্চিত্রটি যেহেতু যৌথ প্রযোজনায় নির্মিত হবে, সেহেতু যৌথ প্রযোজনার নিয়ম অনুসরণ করে ‘‘দিন-দ্য ডে’’ নির্মিত হবে।
চলচ্চিত্রটির অধিকাংশ অংশ ইরানে শুটিং হবে। তাই ইরানে শুটিংয়ের সকল খরচ ও ইরানের শিল্পীদের খরচ সেই দেশের প্রযোজক বহন করবেন। আর বাংলাদেশের অংশের খরচ এ দেশের প্রযোজক বহন করবেন। সুতরাং চলচ্চিত্রটির বাজেট এখনো নির্ধারণ করা হয়নি। তাই আমরা নিশ্চিত না হয়ে চলচ্চিত্রটির বাজেট নিয়ে এই আলোচনা না করাই উত্তম হবে বলে আমার বিশ্বাস। আপনারা ‘‘দিন-দ্য ডে’’ যেন সফলভাবে নির্মাণ করতে পারি, সেই দোয়া করবেন বলে আশা রাখি।’
অনন্ত জলিল ২০১০ সালে নিজের প্রযোজিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন। তার অভিনীত ছবিগুলো হলো ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম ২’। আর এসব ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।
প্রিয় বিনোদন/আজহার