ছবি সংগৃহীত

স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারেন ছোট্ট একটি উপায়ে

দেয়া
লেখক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫১
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫১

ফটো সোর্স- parade.com

(প্রিয়.কম)- রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কী করি? সহজ উত্তর হলো, স্বপ্ন দেখি। কমবেশি সবাই স্বপ্ন দেখি। কারো কারো জীবনে আবার সুখস্বপ্নের চাইতে দুঃস্বপ্নের পরিমাণই বেশি। কখনো কী মনে হয়, স্বপ্নটা এমন না হয়ে অমন হলে ভালো হতো? স্বপ্নকে যদি আপনি নিজের মতো করে গড়ে নিতে চান, তাহলে এই পোস্ট আপনার জন্যই।

স্বপ্নকে নিয়ন্ত্রণ করার একটি উপায় হলো লুসিড ড্রিম। লুসিড ড্রিম কী? আপনি যখন স্বপ্নের মাঝেই বুঝতে পারেন এটা বাস্তব নয়, আপনি আসলে স্বপ্ন দেখছেন এবং নিজের ইচ্ছেমত ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে পারেন- তখন সেটা হয় একটা লুসিড ড্রিম। লুসিড ড্রিমের ভেতরে থাকাটা অনেকটা ফিল্মের ডিরেক্টর হবার মতো একটা ব্যাপার। দেখা যায়, ২০ শতাংশ মানুষ নিয়মিত ঘুমের মাঝে লুসিড ড্রিম দেখে থাকেন। নিয়মিত বলতে মোটামুটি মাসে একবার করে লুসিড ড্রিম হতে দেখা যায় তাদের।

যারা স্বাভাবিকভাবে লুসিড ড্রিম দেখেন না, তাদের কী হবে? তারা কী নিজেদের স্বপ্নকে লুসিড ড্রিমে রূপান্তরিত করতে পারবেন? Dreaming জার্নালে প্রকাশিত এক গবেষণা বলে, হ্যাঁ, সাধারণ মানুষেরাও পারবেন লুসিড ড্রিম দেখতে। তবে এর জন্য কিছু চেষ্টাচরিত্রের প্রয়োজন আছে বৈ কী। আপনার অ্যালার্ম ঘড়ি এবং এর স্নুজ বাটন এক্ষেত্রে কাজে লাগাতে হবে।

৮৪ জন মানুষের ওপর করা হয় এই গবেষণা। এখানে ছিলেন ৪৪ জন নারী, ৩৯ জন পুরুষ এবং তাদের বয়স ছিলো ১৭ থেকে ৭৫ বছরের মাঝে।

এই গবেষণায় লুসিড ড্রিম এর সংজ্ঞা হিসেবে বলা হয়- “ যখন একজন ব্যক্তি বুঝতে পারে সে স্বপ্নের মাঝে আছে এবং ঘুমন্ত অবস্থাতেই স্বপ্নের উপকরণ বা ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে”। এই সংজ্ঞা অনুযায়ী অংশগ্রহণকারীদের লুসিড ড্রিমের পরিমাণ এবং কতো ঘন ঘন তারা এই স্বপ্ন দেখে থাকেন তার তথ্য সংগ্রহ করা হয়। দেখা যায়, একজন মানুষ কতো ঘন ঘন লুসিড ড্রিম দেখছেন তার সাথে ওই ব্যক্তির সকালে অ্যালার্মের স্নুজ বাটন চাপার পরিমানের সম্পর্ক আছে।

অর্থাৎ, যারা অ্যালার্ম বাজার পরেও স্নুজ বাটন চেপে আবার ঘুমিয়ে পড়েন, এরপর আবার কিছুক্ষণ পর অ্যালার্ম বাজকে ঘুম থেকে উঠে আবার স্নুজ বাটন চেপে ঘুমিয়ে যান- এই কাজটা সম্ভবত লুসিড ড্রিম তৈরির ক্ষেত্রে সহায়ক। তবে এটাও হতে পারে যারা সবসময় লুসিড ড্রিম দেখেন তারা হয়তো অ্যালার্মের স্নুজ ব্যবহার করতে পারেন।

অ্যালার্মের স্নুজ বাটন ব্যবহার করাটা লুসিড ড্রিম দেখার জন্য সহায়ক- এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হবার জন্য আরও বড় ধরণের গবেষণার দরকার। কিন্তু তাত্ত্বিকভাবে আসলেই এই ব্যাপারটা কাজে আসার কথা- বলেন গবেষকেরা। কারণ স্নুজ বাটন ব্যবহারে বা অন্য কোনো কারণে বারবার ঘুম ব্যহত হলে মানুষ সরাসরি হালকা REM ঘুমে ফিরে যায়। এই পরজায়েই বেশীরভাগ লুসিড ড্রিম দেখা যায়। আর অ্যালার্মের স্নুজ বাটন বারবার ব্যবহার করার সাথে লুসিড ড্রিম তৈরির আরেকটি পদ্ধতির মিল আছে যাকে বলা হয় "Wake-Back-To-Bed"

সুতরাং আপনিও ইচ্ছে করলে অ্যালার্ম ক্লকের সদ্ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, কাজটা ছুটির দিনে এবং হাতে সময় নিয়ে করবেন, নইলে ঘুমের বেশ ব্যাঘাত ঘটতে পারে এবং আপনি ক্লান্ত হয়ে থাকবেন।

লিখেছেন
কে এন দেয়া
অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রিয় লাইফ
প্রিয়.কম