ছবি সংগৃহীত

“শর্টকাটে” তৈরি করুন চিকেন-পুদিনা সমুচা

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৬ মে ২০১৩, ১২:০০
আপডেট: ১৬ মে ২০১৩, ১২:০০

শিরোনাম পড়ে চোখ কপালে উঠে গেলো বুঝি? উঠতেই পারে, কেননা সমুচা তৈরি করা আসলেই ভীষণ ঝক্কির একটা ব্যাপার। সমুচার বাইরের আবরণ তৈরি করো, পুর বানাও। এতেও কাজ শেষ নয়, তারপর আবার সমুচার আকৃতিতে গড়া সহ আরও নানান রকম যন্ত্রণা। আর তাই তো সমুচা খেতে হলে আমরা দোকানেরই শরণাপন্ন হই। কিন্তু যদি ২০ মিনিটেরও কম সময়ে তৈরি করা যায় এই সমুচা? তাহলে নিশ্চয়ই আপনি সেটা বাসায় তৈরি করবেন, তাই না? আসুন জেনে নেয়া যাক সমুচা তৈরির একটা সংক্ষিপ্ত পদ্ধতি। কেবল মেয়েরা নয়, ছেলেরাও চট করে এখন বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার চিকেন-পুদিনা সমুচা!

উপকরণ-

মুরগির কিমা- ১ কাপ পিয়াজ কিমা- ১/২ কাপ পুদিনা কিমা- ১/৪ কাপ কাঁচা মরিচ কিমা- স্বাদ মত সয়াসস- ২ টেবিল চামচ কালো গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ কিসমিস- ২ টেবিল চামচ (ঐচ্ছিক) আদা ও রসুন বাটা- ১/২ চা চামচ করে টমেটো সস- ২ টেবিল চামচ ফিলো পেস্ট্রি শিট- প্রয়োজনমত ময়দা পানি দিয়ে গোলানো- অল্প তেল- ২ টেবিল চামচ গরম মশলা গুঁড়া- ১/২ চা চামচ লবণ- স্বাদ মত

প্রণালী-

প্যানে তেল দিয়ে পিঁয়াজ কিমা দিয়ে দিন। লবণ দিন সামান্য। পেঁয়াজ চকচকে হলে কিমা দিয়ে দিন, সাথে আদা ও রসুন দিয়ে ভালো করে ভাজুন। মাঝারি জ্বালে রেখে ঢেকে দিন। দেখবেন পানি বের হচ্ছে কিমা থেকে। পানিটা টেনে গেলে পুদিনা পাতা ছাড়া বাকি সমস্ত উপকরণ দিয়ে দিন ও ভালো করে ভাজতে থাকুন। কিমা একদম ভাজা ভাজা হয়ে এলে পুদিনার কিমা দিয়ে দিন। আরও ২ মিনিট ভাজুন ও নামিয়ে ঠাণ্ডা করে নিন। তৈরি আপনার সমুচার পুর। এই পুরকে আপনি রোল করবে ফিলো পেস্ট্রি শিটের মাঝে। কার অত দায় পড়েছে কষ্ট করে সমুচার মোড়ক বানাবার, যেখানে “রেডিমেড” ফিলো পেস্ট্রি শিট এখন বাজারে কিনতে পাওয়া যায়? যে কোনও সুপার মার্কেটে গেলেই পেয়ে যাবেন এই পেস্ট্রি শিট। কেবল বিদেশি ব্রান্ড নয়, মিলবে দেশী ব্রান্ডও। দাম পড়বে ১৫০ থেকে ২০০ টাকা। এক প্যাকেট ১০টা শিট থাকলে কম করে হলেও ৪০টি সমুচা তৈরি করা যাবে। ফিলো পেস্ট্রি শিট ডিপ ফ্রিজে রাখতে হয়। তাই চিকেনের পুরটা ঠাণ্ডা করার সময়েই পেস্ট্রি শিট বের করে রাখুন ফ্রিজ থেকে। এবং প্যাকেটের মুখ খুলে একটি নরম সুতির কাপড় বা তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখুন শিটগুলো। নাহলে শুকিয়ে যাবে ও সমুচা বানাতে গেলে ফেটে যাবে। একটি করে শিট বের করবেন কাজের জন্য, আবার বাকিটা মুড়িয়ে রাখবেন কাপড়ে। শিট গুলো কাঁচি বা ছুরি দিয়ে সমান চার ভাগে কেটে নিন। বড় সমুচা বানাতে চাইয়ে ৩ ভাগ করতে পারেন। তারপর মাঝে পুর ভরে সমুচার মতন ভাঁজ করে নিন। শেষ প্রান্ত ময়দা গোলা সামান্য একটু দিয়ে লাগিয়ে দিন। এবার আর কি, সোনালি লাল করে ডুবো তেলে ভেজে নিন ঝটপট। মেঘনা বিকেলের নাস্তায় এমন চমৎকার খাবার আর কি হতে পারে? যেহেতু পুদিনার সমুচা, তাই টমেটো সস দিয়ে পরিবেশন করলেই ভালো। চাটনি অতটা ভালো লাগবে না। ছবি- ইরেন অনিতা