ছবি সংগৃহীত

বাগানের আগাছা সাফ করে ফেলুন কোনো রাসায়নিক ছাড়াই

দেয়া
লেখক
প্রকাশিত: ২২ মে ২০১৬, ১৫:৩৫
আপডেট: ২২ মে ২০১৬, ১৫:৩৫

ফটো সোর্স- Reader’s Digest
 
(প্রিয়.কম)- এই শহরে বাগান করার মতো জায়গা কোথায়? কিন্তু এরপরেও বারান্দায়, ছাদে, বাসার পাশের চিলতে জমিতে সবুজের খোঁজে সময় ব্যয় করেন অনেকেই। কষ্টের এই ছোট্ট বাগানে যখন প্রিয় ফুলগাছের বদলে মাথাচাড়া দিয়ে ওঠে আগাছা তখন কেমন লাগে বলুন তো? এই আগাছা দূর করতে অনেকেই রাসায়নিকের সাহায্য নেন। কিন্তু সেটা আসলে আপনার স্বাস্থ্য, গাছ অথবা মাটির জন্য ভালো নয়। দেখে নিন রাসায়নিক ব্যবহার ছাড়াই সহজে আগাছা দূর করার কিছু পদ্ধতি।
 
১) ছায়া দিয়ে ঢেকে রাখুন
যে কোনো গাছের বীজ থেকে অঙ্কুরোদগম হতেই আলোর প্রয়োজন, আগাছাও তার ব্যতিক্রম নয়। আপনার বাগান বা টবের মাটিতে যতই আগাছার বীজ থাকুক না কেন, আলো না পেলে সে আর বিরক্ত করবে না। এ কারণে গাছের আশেপাশের মাটি যেন ছায়ায় থাকে সে ব্যবস্থা করুন। ঢেকে রাখতে পারেন বিভিন্ন মালচ যেমন খড়, নিউজপেপার অথবা কালো পলিথিন দিয়ে। গাছ বড় হয়ে গেলে গাছের পাতার ছায়াতেই আর আগাছা জন্মানোর জায়গা পাবে না।
 
২) মাটি ফুঁড়ে ওঠার পথ বন্ধ করুন
গাছ অথবা ফ্লাওয়ার বেডের সীমানা টেনে দিন ইট দিয়ে। এতে ইটের নিচে আলো ঢুকবে না, ফলে আগাছা আলো পাবে না, বেড়ে ওঠার জায়গাও পাবে না।
 
৩) সূর্যের তাপে মেরে ফেলুন
যারা বাগানের যত্ন নেওয়ায় একটু দক্ষ, তারা এই কাজটি করতে পারেন। মাটি খুঁচিয়ে নরম করে নিন, পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর এর ওপরে স্বচ্ছ প্লাস্টিকের শিট বিছিয়ে ধারগুলো ইট বা পাথর দিয়ে আটকে দিন। ৪-৬ সপ্তাহের মাঝে ওই মাটির যতো আগাছার বীজ থাকে, সব গরম সেদ্ধ হয়ে নষ্ট হয়ে যাবে।
 
৪) মাটি খালি রাখবেন না
কখনোই মাটি খালি রাখবেন না, মাটি ফুঁড়ে আগাছার বীজ অঙ্কুরোদগম হবে অথবা বাতাসে উড়েও আগাছার বীজ ওই মাটিতে আসতে পারে। ওই মৌসুমে আপনার পছন্দের কোনো গাছ সেই মাটিতে না থাকলে এই সময়ে অন্য কোনো গাছ লাগান, অথবা ঘাস লাগাতে পারেন, লাগাতে পারেন এমন কোনো গাছ যা মাটিকে আরও উর্বর করবে।
 
৫) আগাছা ওঠানোর আগে মাটি ভিজিয়ে নিন
অনেক সময়ে সাবধান থাকা সত্ত্বেও আগাছা দিয়ে মাটি ভরে যায়। এক্ষেত্রে নিজের হাতেই মাটি কোপাতে হবে এবং আগাছা উঠিয়ে ফেলতে হবে। এর জন্য আগে মাটি ভিজিয়ে নিন। এতে আগাছাকে সমূলে উৎপাটন করাটা সহজ হবে। আগাছার পুরো শরীর মাটি থেকে সরিয়ে ফেলুন নয়তো কিছুদিন পর সে আবার মাথাচাড়া দিতে পারে। এ জন্য কম বয়সেই আগাছা উঠিয়ে ফেলা দরকার যাতে সে আর বীজ উৎপাদন করতে না পারে।
 
এছাড়াও কিছু ঘরোয়া উপায় আপনার কাজে আসতে পারে
- আপনার দরকারি গাছ থেকে দূরে আগাছা থাকলে তার ওপর লবণ ছিটিয়ে মারতে পারেন
- গরম পানি, এমনকি সবজি বা আলু সেদ্ধ করার পর যে পানি থাকে সেটা আগাছার ওপর ঢেলে দিয়ে একে মারতে পারেন
- আগাছার ওপর ঢেলে দিতে পারেন ভিনেগার
 
লিখেছেন
কে এন দেয়া
অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রিয় লাইফ
প্রিয়.কম