ছবি সংগৃহীত

দ্রুত সাবান ফুরিয়ে যায়? জেনে নিন সাবানের গলে যাওয়া রোধ করার ৩টি কার্যকর উপায়

nusrat jahan champ
লেখক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৫, ০৩:৩৮
আপডেট: ১১ মার্চ ২০১৫, ০৩:৩৮

(প্রিয়.কম) সাবান - সে তো ক্ষয় হবারই জিনিস, গলে যাবারই জিনিস। সাবান যদি পাথরের মতো কঠিন হতো এবং একটুও না গলতো, তাহলে কি জিনিসপত্র পরিষ্কার করা যেত? সব ধরনের সাবানই পানি পেলে গলে, তবে কোনোটা কম, কোনোটা বেশি। কাপড় কাচার সাবানের তুলনায় গায়ে দেয়ার সাবান দ্রুত গলে যায়। জেনে নিন সাবানের গলে যাওয়া রোধ করার তিনটি সহজ অথচ কার্যকর উপায়।

১. স্পঞ্জ

এই পদ্ধতিটি হয়তো অনেকেরই জানা আছে। সাবানের গলে যাওয়া রোধ করতে আপনার প্রয়োজন হবে এক টুকরো স্পঞ্জ। সাবানের মাপের চেয়ে একটু বড় করে এক টুকরো স্পঞ্জ কেটে নিন। সোপকেসের ওপর এই স্পঞ্জটি রেখে তার ওপর সাবান রাখুন। ব্যবহারের পর সাবান এই স্পঞ্জের ওপরেই রাখুন সবসময়। স্পঞ্জ ভেজা সাবানের আর্দ্রতা শুষে নিয়ে সাবানের গলে যাওয়া রোধ করবে। স্পঞ্জে জমা হওয়া গলিত সাবান আপনি হাত ধোয়ার কাজে ব্যবহার করতে পারবেন।

২. মোজা

বাড়িতে সুতি পুরোনো, ফেলনা মোজা রয়েছে? সাবানের গলে যাওয়া রোধ করতে ব্যবহার করুন ওটা। মোজাটা প্রথমে ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন। এবার সাবানটা ঢুকিয়ে ফেলুন এর ভেতরে। সাবান মোজার ভেতরে রেখেই ব্যবহার করুন। ব্যবহার হয়ে গেলে মোজাসহ সাবান ঝুলিয়ে রাখুন। এতে সাবান কম ক্ষয় হবে, আবার সহজে গলবেও না।

৩. স্ট্যান্ড

ব্যবহারের সাবান সাধারণত সোপকেসেই রাখা হয়। ভাবছেন, তাহলে সাবানের জন্য আর আলাদা স্ট্যান্ডের দরকার কী? দরকারটা হলো এই, এতে সাবান দ্রুত গলে যাবে না! সাবানের নিচে একটা উঁচু প্লাস্টিক অথবা ধাতব কিছু আটকে নিয়ে তারপর সোপকেসে রাখুন। এতে পুরো সাবান বাতাসের সংস্পর্শে এসে শুকিয়ে যাবে এবং সাবান সহজে গলবে না। আপনি চাইলে স্ট্যান্ড হিসেবে প্লাস্টিকের বোতলের ঢাকনা ব্যবহার করতে পারেন। তথ্যসূত্র: গৃহস্থালীর টুকিটাকি (সম্পাদিত), ১৯৯৮