ছবি সংগৃহীত

কোন রাশির পুরুষ কেমন?জেনে নিন জ্যোতিষীর দৃষ্টিতে!

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৪, ১৪:৪৭
আপডেট: ১৬ জানুয়ারি ২০১৪, ১৪:৪৭

নারীদের প্রিয় এবং প্রচলিত একটি উক্তি হলো, “সব পুরুষই এক!” কিন্তু আসলেই কি তাই? সব পুরুষকে একই দৃষ্টিতে দেখা যাবে না। তাদের সবার চরিত্রে রয়েছে বৈচিত্র্য। আর সব পুরুষের মন যে এক নয়, তা বলাই বাহুল্য। পুরুষ বলেই যে তার মাঝে রহস্য থাকবে না, এমনটা চিন্তা করবেন না মোটেই। কিন্তু কি করে জানবেন একজন পুরুষ কি চিন্তা করছে? আপনার প্রতি তার আচরণ কেমন হতে পারে, সেটাই বা জানবেন কি করে? জানার উপায় হলো তার রাশি। প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা। কিন্তু রাশির ওপর ভিত্তি করে একজন মানুষের ব্যক্তিত্বে দেখা যেতে পারে বিশেষ কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আবার লিঙ্গ ভেদে আলাদা হয়। যেমন মেষ রাশির নারী যে কাজটি করবে, একই রাশির পুরুষ হয়তো সেই কাজটি করবে না। এই মূলনীতির ওপর ভিত্তি করে দেখে নিন কোন রাশির পুরুষ কেমন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন।

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)

মেষ রাশির পুরুষের মাঝে ধৈর্য একটু কমই দেখা যায়। ব্যক্তিগত জীবন হোক আর কর্মজীবন হোক, যে কোনও কাজের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তারা। আর যে কোনও রকমের প্রতিযোগিতায় অংশ নেওয়া (এবং তাতে জয় পাওয়া) তার জন্য নিত্যদিনের ব্যাপার। নিপাট নম্র-ভদ্র ভালোমানুষি করার মাঝে নেই তিনি। নিজের বিবেচনা অনুযায়ী, নিজের মর্জি মতো চলতে তিনি ভালবাসেন। তাকে ঘিরে একটা প্রচ্ছন্ন বিপদের আভা টের পাওয়া যায়, যেটা অনেক নারীর কছেই আকর্ষণীয়। “খারাপ ছেলে” ভাবটা নিজের মাঝে ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত তিনি আর এর জন্যেও নারীরা আকৃষ্ট হয় তার প্রতি।

বৃষ (এপ্রিল ২০- মে ২০)

নিজের কথাই শেষ কথা এবং যে যাই বলুক না কেন, নিজের সিদ্ধান্ত থেকে একচুল নড়তে রাজি নন বৃষ। কাজের প্রতি তাদের মনোযোগ অনেক বেশি থাকে। তিনি হয়ে থাকেন বিচক্ষণ এবং পুরনো ধাঁচের মানসিকতার। তার জীবনের লক্ষ্য হলো সুখে ঘরসংসার করা। তার দৈনন্দিন রুটিন হয়ে থাকে সাধারণ এবং গোছালো। “মাটির মানুষ” বলতে যা বোঝায়, সেটাই হলেন তিনি।

মিথুন (মে ২১- জুন ২১)

চমৎকার কথার জাল বুনে আপনাকে তাক লাগিয়ে দেবেন মিথুন রাশির পুরুষ। আর এই কথা কিন্তু অযথা গালগপ্পো নয়। একটু মন দিয়ে শুনলেই তার মাঝে বুদ্ধির ঝিলিক দেখতে পাবেন আপনি। সে কখনোই আপনাকে বোর করবে না। তার মাঝে কখনো দেখতে পাবেন একেবারেই সহজ সরল মনের প্রকাশ, কখনো আবার তার মাঝে থেকে উকি দেবে খুব উঁচুদরের মানসিকতা। তিনি যে কোনও ভালো খারাপ উভয় দিক দেখতে পারদর্শী। তিনি অনেক বিষয় নিয়ে কথা বলতে পারেন বটে। তবে মুদ্রার ওপিঠে রয়েছে একটু ভুলোমনা মানুষ, যে কিনা সহজে সিদ্ধান্ত নিতে পারেন না। তার মেজাজও পরিবর্তন হয় খুব দ্রুতই। সামাজিক এবং বহুরূপী এই পুরুষের রয়েছে যে কোনও সমস্যা সমাধানের দুর্লভ বৈশিষ্ট্য।

কর্কট (জুন ২২- জুলাই ২২)

একটু লাজুক এবং রহস্যময় কর্কট পুরুষ। তার চরিত্র চাঁদের দ্বারা প্রভাবিত। প্রথম দেখায় খুব চুপচাপ মনে হতে পারে তাকে। কিন্তু তার কাছাকাছি আসতে পারলে তবেই নিজের খোলস থেকে বের হবেন তিনি এবং আপনি অবাক হয়ে আবিষ্কার করবেন তিনি কত চমৎকার একজন মানুষ। কিন্তু যতই নম্র হন না কেন, কর্কট পুরুষকে জোর করে কোনও কিছু করানো যাবে না, হিতে বিপরীত হবে তাতে। অনেক রকম অনুভূতি দেখা যায় তার মাঝে। তিনি মাঝে মাঝে হয়ে উঠতে পারেন একটু মারমুখী, কিন্তু সেটা নিজের আত্মরক্ষার জন্যই। কষ্ট পেলে নিজেকে গুটিয়ে নেন তিনি। কিন্তু তার দেয়ালের পেছনে রয়েছে নিখাদ একজন ভদ্রলোক। তারা পরিবারের প্রতি অনুগত হয়ে থাকেন এবং তাদের লক্ষ্য থাকে পরিবারের সুখের প্রতি। অনেক সময় তাদের মাঝে অন্যদের মন বুঝে ফেলার ক্ষমতা লক্ষ্য করা যায়।

সিংহ (জুলাই ২৩- অগাস্ট ২২)

সিংহ রাশির কোনও পুরুষের আগমন আগে থেকেই টের পেয়ে যাবেন আপনি। তারা নিজেদের উপস্থিত জানান দিতে ভালোবাসে, সেটা হাঁকডাকের মাধ্যমেই হোক বা অন্য কোনও উপায়েই হোক। তাকে ঘিরে থাকে শক্তিশালী, উষ্ণ একটি আভা। জন্মগতভাবেই তিনি নেতৃত্ব দিতে পারদর্শী। অন্যদের সাথে মিলেমিশে কাজ করতে তিনি ভালবাসেন। তিনি নিজের বন্ধুমহলে সুপরিচিত এবং বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকেন বটে। তবে তিনি একটু একগুঁয়ে হয়ে থাকেন। অন্যদের পরামর্শ না শুনে নিজেই ঠিক করে ফেলেন কি করা উচিৎ। সবার মনোযোগের মধ্যমণি হয়ে থাকতে ভালবাসেন তিনি। তিনি একটু মেজাজি হয়ে থাকেন বটে, তবে যত গর্জে তত বর্ষে না। সবকিছুর নিচে সিংহ পুরুষ আসলে বেড়ালের মতোই আদুরে এবং তার সাথে একটু মিষ্টি আচরণ করলে তিনিও থাকবেন একেবারে খোশ মেজাজে।

কন্যা (অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২)

কন্যা রাশির নারী যেমন একেবারে তুলতুলে নারী নয়, তেমনি এই রাশির পুরুষকে মেয়েলি ভাবলেও ভুল করবেন। তিনি হয়ে থাকেন কঠোর পরিশ্রমী এবং তার ওপরে দেওয়া কাজের শেষ দেখেই ছারেন তিনি। যে কোনও কাজ নিখুঁত করে করতেও তার তুলনা নেই। খুঁটিনাটি বিষয়েও তার পূর্ণ মনোযোগ থাকে। অন্যকে সাহায্য করতেও তিনি সিদ্ধহস্ত। কন্যা রাশির পুরুষ হয়ে থাকেন সুবিচারি এবং ন্যায়পরায়ন। ভদ্রতা এবং নিষ্পাপতার মতো দুর্লভ গুণ দেখা যায় তার মাঝে। তবে তিনি হয়ে থাকেন একটু ছটফটে। মাঝে মাঝে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তিনি, কিন্তু তার কাজের মধ্য দিয়েই আবার সেই আত্মবিশ্বাস ফিরে পান নতুন করে। (বাকি গুলো পেতে চোখ রাখুন আগামী পর্বে)