ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত
যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, এসব দেশ তাদের নিজস্ব শিল্প উৎপাদনে ভর্তুকি ও সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত এই নতুন শুল্কের লক্ষ্যবস্তু হতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারই (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্র নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এসব প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।