বাল্টিক প্রতিবেশী এস্তোনিয়া অসংখ্য ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিচালনা করছে অভিযোগ করে দেশটিকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে রাশিয়া।
সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এস্তোনিয়ার বিরুদ্ধে নানা ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে জোর দিয়ে বলেছে যে, নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রটি ‘সরাসরি যুদ্ধ বাঁধানোর দ্বারপ্রান্তে রয়েছে’।
রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে এস্তোনিয়ার পরিকল্পনা ঘোষণা এবং বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ইউক্রেনীয় হামলার পর এই তীব্র প্রতিক্রিয়া দেখাল মস্কো।
রয়টার্স জানিয়েছে, সীমান্ত বন্ধে তাল্লিনের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করার পর এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অভিযোগগুলো তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়, "এস্তোনিয়ার কূটনীতিককে আবারও জানিয়ে দেওয়া হয়েছে যে এ ধরনের উসকানিমূলক এবং অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধ বাঁধানোর দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।"
এস্তোনিয়া ‘রাশিয়া-বিদ্বেষী’ মনোভাব দেখাচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।