সঞ্চয়ের অর্থ যাচ্ছে না উৎপাদনশীল বিনিয়োগে, ব্যাংকের ভূমিকা প্রশ্নবিদ্ধ
দেশের ব্যাংক খাতে একদিকে কয়েকটি প্রতিষ্ঠান ভালো মুনাফা করছে, অন্যদিকে বড় একটি অংশ লোকসানের মধ্যে পতিত হয়েছে। মুনাফায় থাকা ব্যাংকগুলোর আয়ের বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। তারা সঞ্চয় সংগ্রহ করলেও সেই অর্থের উল্লেখযোগ্য অংশ বেসরকারি খাতের উৎপাদনশীল বিনিয়োগে যাচ্ছে না। এতে কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংক খাতের অবদান নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যাংকের মুনাফা কি অর্থনীতির সুস্থতার প্রতিফলন, না কি নিরাপদ সরকারি বিনিয়োগের আয়েই মুনাফার এই চিত্র তৈরি হচ্ছে? ব্যাংক খাতের সামগ্রিক পরিস্থিতি ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। একসময় অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদও সামলানো এই অর্থনীতিবিদ বর্তমানে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন।
জাগো নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি ব্যাংকের সম্মিলিত লোকসান প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে মুনাফা করা ব্যাংকগুলোর মুনাফা ৯ হাজার কোটি টাকা। ব্যাংক খাতের এই চিত্র কী নির্দেশ করে?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: কয়েকটি ব্যাংকের মুনাফা দেখে পুরো ব্যাংক খাতের অবস্থা ভালো বলার সুযোগ নেই। ব্যাংকিং খাত অর্থনীতির প্রাণপ্রবাহ। এটি সঞ্চয় সংগ্রহ করে অর্থের প্রয়োজন রয়েছে, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়। এভাবেই অর্থনীতিতে সম্পদের সঠিক বণ্টন ও বিনিয়োগ নিশ্চিত হয়। কাজেই সামগ্রিকভাবে আর্থিক খাতের পারফরম্যান্স দেখতে হবে। কয়েকটি ব্যাংক মুনাফা করলেও অন্য কয়েকটি বড় অঙ্কের লোকসান করলে সেটি উদ্বেগের বিষয়।