আরও কমতে পারে স্বর্ণের দাম, বলছে পূর্বাভাস
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশে এক ধাক্কায় স্বর্ণের দাম কমেছে ভরিতে প্রায় ১১ হাজার টাকা। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে, সামনে স্বর্ণের দাম কি আরও কমবে?
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে উদ্বেগ, বাধ্য হয়ে সম্পদ বিক্রি (ফোর্সড লিকুইডেশন) এবং দরপতনের প্রত্যাশায় নেওয়া বিনিয়োগ কৌশলের কারণে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে তীব্র চাপ তৈরি হয়েছে। এর ফলে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
বিনিয়োগকারীরা মনে করছেন, সামনে স্বর্ণের দাম আরও কমতে পারে। একই মত বাজার বিশ্লেষকদেরও। তাদের বিশ্বাস, স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার আগে আরও কমে যেতে পারে।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। পুরো সপ্তাহজুড়ে এর দরপতন হয়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ গত জানুয়ারিতেই স্বর্ণের দাম উঠেছিল রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে।