ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে বন্দরে বর্তমানে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত ৯ প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। ফলে গুরুত্বপূর্ণ এই টার্মিনালের দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে বন্দরে আলোচনা চলছে।
সিসিটিতে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো যায়। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এত দিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ কাজ চালিয়ে যেতে সাইফ পাওয়ারটেককে নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ।
এই সময়ের পরও টার্মিনালের কার্যক্রম সচল রাখতে ছয় মাসের জন্য সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর। ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র কেনার সময় ছিল পরদিন পর্যন্ত। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে।