এআই কোম্পানি দেউলিয়া হলে আপনার যে ক্ষতি হতে পারে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন অনেকেই। কেউ সম্পর্কের সমস্যা জানান, কেউ শেয়ার করেন পারিবারিক দ্বন্দ্ব বা মানসিক উদ্বেগের কথা। কিন্তু যেসব এআই প্রতিষ্ঠানের কাছে এসব তথ্য জমা থাকে সেগুলো একসময় বন্ধ হয়ে গেলে কী হবে? প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও তথ্য অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যেতে পারে। এতে গোপনীয়তা নিয়ে নতুন ঝুঁকি তৈরি হচ্ছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ক্যারেক্টার ডট এআইয়ের দেউলিয়া হওয়ার ঘটনা এ ঝুঁকিকে সামনে এনেছে। প্রতিষ্ঠানটির চ্যাটবটের সঙ্গে কয়েক কোটি মানুষ সম্পর্ক তৈরি করেছিলেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। কেউ কেউ চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ক্যারেক্টার ডট এআইয়ের কিছু সম্পদ ২ কোটি ডলারে কিনতে সম্মত হয়েছে ডিজনি। তবে ওই চুক্তিতে ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত নেই। কিন্তু আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাইলে ব্যবহারকারীদের তথ্য অন্য ক্রেতার কাছে বিক্রি করতে পারে।