সন্তানের বেড়ে ওঠায় প্যারেন্টিং
সন্তানকে বয়সের সঙ্গে বড় করা আর একজন সৃজনশীল মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা দুটো আলাদা বিষয়। সন্তানের বেড়ে ওঠার সময় তার খাবার, পোশাক, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা যেমন মা-বাবার দায়িত্ব, তেমনই সন্তানের চিন্তা, অনুভূতি, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকাশের পরিবেশ তৈরি করাও তাদের দায়িত্ব এবং বিশেষ কর্তব্যের ভেতর পড়ে।
মা-বাবা, অভিভাবক বা শিশুর প্রতি যত্নকারীর এই কর্তব্য ও দায়িত্ব পালনের ধরনই হচ্ছে প্যারেন্টিং। সন্তানকে কীভাবে শাসন করা হচ্ছে, তার কথা কতখানি শোনা হচ্ছে, ভুল করলে কীভাবে প্রতিক্রিয়া জানানো হচ্ছে, কতটা স্বাধীনতা দেওয়া হচ্ছে কিংবা তার হয়ে কতটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে-এসবের মধ্য দিয়েই প্রকাশ পায় প্যারেন্টিংয়ের ধরন।
একসময় সন্তান লালনপালন বলতে মূলত খাওয়ানো, পড়াশোনার ব্যবস্থা করা, শাসন করা এবং সামাজিক নিয়মকানুন শেখানোকে বোঝানো হতো। এখন বিষয়টি অনেক বিস্তৃত বা বৃহৎ পরিসরে দেখা হয়ে থাকে। শিশুর মানসিক স্বাস্থ্য, আবেগীয় বিকাশ, আত্মপরিচয়, সামাজিক দক্ষতা, স্বাধীন চিন্তা এবং প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতাও প্যারেন্টিংয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
সব মা-বাবাই সন্তানের ভালো চান। কিন্তু ভালো চাওয়ার প্রকাশ সবসময় সন্তানের জন্য ভালো ফল বয়ে আনে না। অতিরিক্ত সুরক্ষা যেমন তার স্বাধীন বিকাশে বাধা হতে পারে, তেমনি অতিরিক্ত কঠোরতা তার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। আবার সন্তানের সব আবদার মেনে নেওয়া কিংবা সন্তানের জীবনের জীবন থেকে মা-বাবার দূরে সরে থাকাও শিশুর বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে প্যারেন্টিং সম্পর্কে জানা এবং নিজের আচরণ পর্যালোচনা করা জরুরি।
প্যারেন্টিংয়ের ধারণা ও গবেষণাভিত্তিক শ্রেণিবিভাগ
প্যারেন্টিং নিয়ে আধুনিক মনোবিজ্ঞানে দীর্ঘদিন ধরে গবেষণা হচ্ছে। মনোবিজ্ঞানী ডায়ানা বমরিন্ডের গবেষণা এ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার গবেষণার ভিত্তিতে প্যারেন্টিংয়ের কয়েকটি ধরন চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়ে গবেষকেরা এই কাঠামো আরও সুসংগঠিত করেছেন।
প্যারেন্টিংয়ের ধরন বোঝার ক্ষেত্রে দুটো বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো, মা-বাবা সন্তানের প্রতি কতটা স্নেহ, মনোযোগ ও মানসিক সমর্থন দিচ্ছেন। দ্বিতীয়টি হলো, সন্তানের আচরণ, দায়িত্ব ও স্বাধীনতার ক্ষেত্রে কতটা নিয়ম, প্রত্যাশা ও সীমারেখা বজায় রাখছেন।
এই দুইয়ের সমন্বয়ে প্যারেন্টিংয়ের চারটি বহুল আলোচিত ধরন পাওয়া যায়—অথরিটেটিভ (কর্তৃত্বপূর্ণ), অথরিটারিয়ান (কর্তৃত্ববাদী), পারমিসিভ (প্রশ্রয়মূলক) ও আনইনভলভড (উদাসীন) প্যারেন্টিং। এগুলো মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত শ্রেণিবিভাগ। যা শিশু লালনপালনের ক্ষেত্রে ইউনিসেফও তার প্যারেন্টিং কার্যক্রমে ব্যবহার করছে।
- ট্যাগ:
- মতামত
- সন্তান পালন
- প্যারেন্টিং