অশনিসংকেত: দুর্ভিক্ষের স্মৃতি, সংকটের পদধ্বনি

জাগো নিউজ ২৪ মহসীন হাবিব প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:১৮

শুনছেন, গ্যাস সিলিন্ডারের দাম নাকি আবার বাড়ল?


হ্যাঁ, তারপরও তো পাই না। নির্ধারিত মূল্যের চেয়ে পাঁচ শ টাকা বেশি দিয়ে কিনতে হয়।


এই জ্বালানির দাম নাকি যুদ্ধের কারণে বাড়ছে?


যুদ্ধের কারণেও, আবার সরকারের অনেকগুলো ভুল পদক্ষেপের কারণেও বাড়ছে।


ক্যামনে চলবো সামনের দিনগুলিতে?


আল্লাহ মালুম!


এই আলোচনা এখন বাংলাদেশে সাধারণ মানুষের ঘরে ঘরে। এই সংলাপের মধ্যে অশনিসংকেত আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘অশনিসংকেত’-এ গ্রামের আলাভোলা মানুষগুলো পণ্ডিতমশায়ের কাছে এমনই জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে জানতে চেয়েছিল, ‘সেখানেই যুদ্ধ চলছে, তার জন্য চালের দাম বাড়ছে?’ উপন্যাসটি অবলম্বনে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। উপন্যাসটি না পড়লেও ছবিটি বাংলার সব চলচ্চিত্রপ্রেমী দেখেছেন। তারপরও একটু স্মরণ করা দরকার। ১৯৪৩ সালে বাংলায় এক মহাদুর্ভিক্ষ শুরু হয়, যা পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত। বাংলার সালটি ছিল ১৩৫০।


বিভূতিভূষণ নিজ চোখে সেই দুর্ভিক্ষ দেখেছেন এবং তা নিয়ে ১৯৪৩ সালেই মাতৃভূমি পত্রিকায় ধারাবাহিক উপন্যাস লিখতে শুরু করেন। ছবি নির্মাতা সত্যজিৎ রায়ও দেখেছেন সেই দুর্ভিক্ষ। এটি কোনো কল্পকাহিনি নয়। এক চিলতে অতিরঞ্জনও নেই। সমাজবাস্তবতার এই উপন্যাসে উঠে এসেছে, সেই সময় বাংলায় কীভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হলো, কীভাবে মানুষ না খেয়ে মরতে শুরু করল। অনতিদূর ইতিহাস তার সাক্ষী।


গ্রামবাংলার মানুষগুলো ভালোই ছিল, মোটাভাত-মোটা কাপড়ে নিজেদের জীবনকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু ‘আনক্যালড ফর’ আপদ এসে হাজির হলো! আকাশের দিকে তাকিয়ে বিমান চলতে দেখে বউ-ঝিরা আনন্দ করে, কিন্তু জানে না ওগুলো যুদ্ধবিমান, মানুষ মারার হাতিয়ার। ওগুলোই তাদের জীবন শিগগির দুর্বিষহ করে তুলবে। ওই বিমান দেখার আনন্দ ম্লান হতে বেশি সময় লাগেনি। নেমে আসতে থাকে মরণঘাতী দুর্ভিক্ষ।


আজ মনে হয় সেই দৃশ্যেরই পুনঃপ্রদর্শন চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে প্রায় চার কোটি মানুষ সরাসরি যুদ্ধে নিহত হয়েছিল। আর প্রায় এক কোটি মানুষ মারা যায় যতটা না খাদ্যের অপ্রতুলতার কারণে, তার চেয়ে বেশি নাৎসি জার্মানির তৈরি খাদ্যসংকটের কারণে। যেমন খাদ্যভান্ডার হিসেবে পরিচিত ইউক্রেন এবং লেনিনগ্রাদ থেকে সব খাদ্য নিয়ে যাওয়া হয়েছিল জার্মানিতে, যার ফলে ইউক্রেনে এবং দখলকৃত লেনিনগ্রাদে ৪০ লাখ মানুষ প্রাণ হারায়। অথচ যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক না থাকার পরও কেবল বাংলাতেই ৫০ লাখ মানুষকে মরতে হয়। সেই মৃত্যুর আয়োজন করেছিল ব্রিটিশরাই। একদিকে ব্রিটিশ সরকারের বাংলার অর্থনীতির দিকে নজর দেওয়ার কোনো ইচ্ছা এবং অবসর ছিল না, অন্যদিকে বাংলার খাদ্য সব ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হয় পশ্চিমাঞ্চলে সৈন্যদের জন্য।


আজও সেদিনের মতো ইউরোপ উত্তাল। যুদ্ধে লিপ্ত। যার খেসারত ইতিমধ্যে আবার দিতে শুরু করেছে সারা বিশ্বের মানুষ। কিন্তু বাংলাদেশের বিষয়টি আরও বেশি তীব্র, আরও বেশি মরণঘাতী। তখনকার তুলনায় এখন পৃথিবীর দেশগুলো অনেক বেশি নিকটে, যাকে আমরা গ্লোবাল ভিলেজ বলি। তখন এ দেশে রেমিট্যান্স আসত না, বরং এখান থেকে যেত। এখন বিদেশ থেকে আসা রেমিট্যান্স বাংলাদেশের অন্যতম ভরসা। ইউরোপসহ বহু দেশ থেকে বাংলাদেশকে খাদ্যসহ অনেক প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও