চাহিদা-উৎপাদন কমলেও ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে
শীতের শুরুতে দেশে বিদ্যুতের চাহিদা কমেছে, কমেছে উৎপাদনও। তবে এ সময়ে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে ৩৭ শতাংশ। খরচের হিসাব মাথায় রেখে নিজেদের কেন্দ্র বন্ধ রেখে আমদানি বাড়ানোর কথা বলছেন কর্মকর্তারা।
আমদানি করা বিদ্যুতের তুলনায় তেলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে যুক্তি কর্মকর্তাদের।
শীতের শুরুতে বিদ্যুতের চাহিদা কমতে শুরু করায় তা সম্প্রতি ১০ হাজার মেগাওয়াটের নিচে নেমেছে। এতে করে অনেক বিদ্যুৎকেন্দ্র চালানোর দরকার হচ্ছে না।
শীতকালে বাসাবাড়ি ও অফিসে ফ্যান ও এসির ব্যবহার কমে যায়। ফলে বিদ্যুতের চাহিদাও কমে। বিদ্যুৎ উৎপাদন শনিবার ভোরে নেমেছিল প্রায় ৯ হাজার ৬৫ মেগাওয়াটে। পরদিন সর্বনিম্ন উৎপাদন ছিল ৯ হাজার ৪৮৮ মেগাওয়াট।
পিডিবির বিদ্যুৎ উৎপাদন ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জাতীয় লোড সেন্টারের (এনএলডিসি) ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৬ দিনের তথ্য বিশ্লেষণ করে এসব চিত্র পাওয়া গেছে।
এনএলডিসির তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৫ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা বেড়ে ৪ কোটি ৬০ লাখ ইউনিট হয়েছে। অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।