বিদেশি মুদ্রার বাজারে অস্থিরতার মধ্যে সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক বলেছে, তারা বাজারে হস্তক্ষেপ করবে না। তবে কোনো ব্যাংক বা ব্যক্তি প্রয়োজন ছাড়া ডলার কিনলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
মাসখানেক ধরে ডলারের দর বাড়তে থাকার মধ্যে রোববার বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর সরোয়ার হোসেনের নেতৃত্বে এ বৈঠক হয়।
সেখানে ব্যাংকগুলোকে সতর্ক করে বলা হয়, আমদানি বা বিদেশি দায় মেটানোর প্রয়োজন না থাকলে রেমিটেন্স হাউজ বা বাজার থেকে ডলার কেনা যাবে না। কৃত্রিম চাহিদা তৈরি করে ডলার কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি ও ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।