ভারতে রপ্তানি: পাট পণ্যে সুখবর, পোশাকে শঙ্কা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭
নানা বাধা-বিপত্তির মধ্যেও ভারতের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানির আয় বাড়ছে, চামড়া খাতও ধরে রেখেছে ইতিবাচক ধারা; তবে কমছে পোশাক খাত থেকে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সবশেষ রপ্তানি আয়ের দেশভিত্তিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, গত ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পাশের দেশ ভারতে ৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। ২০২৫-২৬ আর্থিক বছরের জুলাই-অক্টোবর সময়ে এই আয়ের অঙ্ক ছিল ৪ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার।