পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান

প্রথম আলো প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২১

পুরান ঢাকার সকালের সঙ্গে ঢাকার অন্য এলাকার সকাল মেলানো কঠিন। এখানে ভোর মানেই মানুষের কোলাহলে এক ভিন্ন আমেজ। অলিগলির খাবারের দোকানগুলো খুলে যায়। কোথাও কড়াইয়ে ফুলে ওঠে গরম লুচি, চুল্লিতে তৈরি হয় গরম বাকরখানি, কোথাও বিরিয়ানির হাঁড়ি থেকে ছড়িয়ে পড়ে মসলার সুবাস। আবার কোথাও এক গ্লাস মাঠা কিংবা ধোঁয়া ওঠা এক বাটি নেহারিতে শুরু হয় সকাল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব খাবারের স্বাদ ও ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার বেশ কিছু পুরোনো প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে শহর বদলালেও বদলায়নি এসব খাবারের প্রতি মানুষের টান। পুরান ঢাকার এমনই পাঁচটি খাবারের দোকান ঘুরে স্বাদ, ঐতিহ্য ও সকালের ব্যস্ততার গল্প জানাচ্ছেন তারেক হাসান সরকার।


চৌরঙ্গী রেস্তোরাঁ


নর্থব্রুক হল রোডের ৪৭ নম্বরের চৌরঙ্গী রেস্তোরাঁয় সকালে গেলে চোখে পড়বে পুরোনো দিনের নাশতার আয়োজন। শত বছরের বেশি সময় ধরে পরিচিত এই রেস্তোরাঁর অন্যতম আকর্ষণ লুচি ও ডাল।


রেস্তোরাঁর কর্মী মো. ফাহিম জানান, দীর্ঘদিন ধরেই সকালের নাশতায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে গরম লুচি, ডাল ও ভাজি। এখানে প্রতিটি লুচির দাম ১২ টাকা। লুচির সঙ্গে ডাল ও ভাজি দেওয়া হয় বিনা মূল্যে।


এ ছাড়া ডিমের মামলেট (ওমলেট) ২৫ টাকা ও এক কাপ চা ১৫ টাকা। সাশ্রয়ী দামে পরিচিত স্বাদের এমন আয়োজন উপভোগ করতে প্রতিদিন সকালে এখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কারও কাছে এটি নিয়মিত নাশতার জায়গা, আবার কারও কাছে নস্টালজিক খাবারের স্বাদ ফিরে পাওয়ার ঠিকানা।


নিউ ক্যাফে কর্নার


চৌরঙ্গী রেস্তোরাঁ থেকে কিছুটা এগোলেই ২৮ নম্বর নর্থব্রুক হল রোডে নিউ ক্যাফে কর্নার। ১৯৬২ সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁ পার করেছে ছয় দশকের বেশি সময়। পুরোনো দিনের চেয়ার-টেবিল ও সাধারণ সাজসজ্জায় এখনো ধরে রেখেছে ঐতিহ্যের আবহ।


সকালের নাশতায় এখানে পাওয়া যায় লুচি, ডাল-সবজি, হালুয়া, মুরগির গিলা-কলিজা, ডিম পোচ ও চা। খাবারের বৈচিত্র্য আর দীর্ঘদিনের পরিচিতির কারণে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়। কখনো দোকানের ভেতরে বসার জায়গা না পেয়ে অনেকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন।


সকালের নাশতার পাশাপাশি বিকেলের খাবারের জন্যও তাঁদের পরিচিতি আছে। বিশেষ করে ক্র্যাম্ব চাপ ও কাটলেট খেতে বিকেলেও ভিড় করেন অনেকে। পুরোনো দিনের খাবারের স্বাদ ও পরিবেশ ধরে রাখায় নিউ ক্যাফে কর্নার এখনো পুরান ঢাকার খাবারপ্রেমীদের কাছে একটি পরিচিত ঠিকানা।


রহিম বিরিয়ানি


পুরান ঢাকার সূত্রাপুরের রহিম বিরিয়ানি সকালের খাবারের তালিকায় এক বিশেষ জায়গা দখল করে আছে। ব্রিটিশ আমল থেকে পরিচিত এই খাবারের দোকানে বিরিয়ানি খেতে ফজরের নামাজের পর থেকেই ক্রেতাদের ভিড় শুরু হয়। এখানকার বিরিয়ানির স্বাদ, মসলা ব্যবহারের ধরন ও রান্নার বিশেষত্ব একে অন্য অনেক বিরিয়ানি থেকে আলাদা করেছে।


দোকানের কর্মীরা জানান, প্রতিদিন ফজরের নামাজের পর থেকেই বিরিয়ানি বিক্রি শুরু হয়। ক্রেতাদের চাহিদা এতটাই বেশি যে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যেই সব বিরিয়ানি শেষ হয়ে যায়। তাঁদের দেওয়া তথ্যমতে, প্রতিদিন প্রায় তিন হাঁড়ি (দুই মণ) বিরিয়ানি বিক্রি হয়। সকালবেলা গরম বিরিয়ানির স্বাদ নিতে দূরদূরান্ত থেকেও ক্রেতারা এখানে আসেন। দীর্ঘদিনের পরিচিতি আর স্বতন্ত্র স্বাদের কারণে রহিম বিরিয়ানি পুরান ঢাকার সকালের খাবারের ঐতিহ্যে ধরে রেখেছে নিজের বিশেষ জায়গা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও