তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে ‘মি টাইম’
ব্যস্ত জীবনে তরুণ প্রজন্মের কাছে নিজের জন্য কিছুটা একান্ত সময় রাখা বা ‘মি টাইম’ বিলাসিতা নয়; বরং এটি মানসিক সুস্থতার এক অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অবিরাম নোটিফিকেশন, ক্যারিয়ারের তীব্র প্রতিযোগিতা আর প্রত্যাশার পাহাড় থেকে সাময়িক বিরতি নিতেই তরুণেরা এখন বেছে নিচ্ছেন নিজস্ব ভুবন। প্রশ্ন আসতেই পারে, আগেও কি ‘মি টাইম’ বলে কিছু ছিল না? তাহলে ঘটা করে এখন পুরোনো বোতলে নতুন মদ ঢালার কারণ কী? বলছি।
ডিজিটাল ডিটক্স ও নোটিফিকেশনের ক্লান্তি থেকে মুক্তি
আধুনিক তরুণদের দিন শুরু হয় স্ক্রিন স্ক্রলিং দিয়ে, শেষও হয় স্ক্রিনেই। ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের এই দুনিয়া যেমন বিনোদন দেয়, তেমনি একধরনের মানসিক ক্লান্তিও তৈরি করে; যাকে বলা হয় হাইপার কানেকটিভিটি। সারাক্ষণ অন্যের জীবনের নিখুঁত মুহূর্তগুলো দেখতে দেখতে নিজের অজান্তেই মনে তৈরি হয় অন্যের সঙ্গে নিজের তুলনা করার অবান্তর প্রবণতা। এই প্রবণতা থেকে নিজেকে সরিয়ে নিতে তরুণেরা দিনে অন্তত আধঘণ্টা থেকে এক ঘণ্টা মোবাইল ফোন পুরোপুরি বন্ধ বা সাইলেন্ট করে রাখছেন। এই ডিজিটাল ডিটক্স তাঁদের চোখ ও মনের শান্তি ফিরিয়ে দিচ্ছে।
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এবং চাপ কমাতে
বিশ্বজুড়ে এখন মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের মাঝে সচেতনতা বেড়েছে। পড়াশোনার চাপ, চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাঁদের ভেতর প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগের জন্ম দেয়। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মি টাইম হলো একধরনের মানসিক রিচার্জ। এই সময়ে কোনো দায়িত্ব থাকে না, কোনো জবাবদিহি থাকে না। একা একা কফি খাওয়া, গান শোনা বা স্রেফ চুপচাপ বসে থাকা মস্তিষ্কে কর্টিসল কমিয়ে ডোপামিন ও সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
- ট্যাগ:
- লাইফ
- একান্ত সময়