আমদানি ব্যয় বাড়ছে, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ
বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য আমদানির জন্য ২ হাজার ৯৭৮ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। একই সময়ে এলসি নিষ্পত্তি বেড়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। এর প্রভাবে বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বাড়ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে বিনিময় হার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এলসি নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৪৮৬ কোটি ডলারের। বিপরীতে রপ্তানি আয় এসেছে ১ হাজার ৭০৪ কোটি ডলার। এতে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৮২ কোটি ডলার।
প্রথম তিন মাসে এ ঘাটতি ছিল ৭৪৭ কোটি ডলার। অন্যদিকে একই সময়ে প্রবাসীরা ১ হাজার ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি।
তথ্য অনুযায়ী, অক্টোবরে ৭৩২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৮৫২ কোটি ডলার। এ মাসে এলসি নিষ্পত্তি হয়েছে ৫৯৫ কোটি ডলারের, যা সেপ্টেম্বরে ছিল ৬৪৫ কোটি ডলার। জুলাই ও আগস্টে নিষ্পত্তির পরিমাণ ছিল যথাক্রমে ৬২৮ কোটি ও ৬১৯ কোটি ডলার।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমদানি ব্যয়