শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ
শ্রমিক অসন্তোষে দেশের পোশাকশিল্পে অস্থিরতা বাড়ছে। সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারের মধ্যে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে কারখানা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন পোশাকশিল্পের মালিকরা। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে অংশগ্রহণ থেকেও বিরত থাকার চিন্তা করছেন তারা।
এ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে শনিবার বিশেষ সাধারণ সভা ডাকার পরিকল্পনা করছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ওই সভায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন কার্যক্রমের ওপর এর প্রভাব পর্যালোচনা করা হয়। এতে বিজিএমইএর সাবেক নেতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও ড. রুবানা হকসহ অনেকে।