মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা, ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকা
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের গন্তব্য গত ২৬ অক্টোবর থেকে বাড়িয়ে কক্সবাজার পর্যন্ত করা হয়েছে। রুট সম্প্রসারণের পর ট্রেনটির যাত্রী ও আয় দুটিই বেড়েছে। নতুন রুটে চলাচলের প্রথম ১৪ দিনে ৮ নভেম্বর পর্যন্ত ট্রেনটি ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করে আয় করেছে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা। অথচ ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলের সময় এক মাসে ট্রেনটি আয় করত ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা।
বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন, কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা বেশি। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এ পথে যাতায়াতের সুযোগ বেড়েছে। একই সঙ্গে রেলের আয়ও বেড়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের অন্যতম আয়বর্ধক রুট কক্সবাজার। দেশের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ চালুর পর থেকেই এ পথে যাত্রীদের চাহিদা তৈরি হয়েছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ার আগে এ রুটে চার জোড়া বা আটটি ট্রেন চলাচল করত। এর মধ্যে দুই জোড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এবং দুই জোড়া চট্টগ্রাম থেকে চলাচল করত। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এখন এ রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জোড়া বা ১০টিতে।
ঢাকা থেকে কক্সবাজারগামী আগের দুই জোড়া ট্রেন ছিল বিরতিহীন। শুধু চট্টগ্রামে যাত্রাবিরতি দিত। ফলে মাঝপথের বিভিন্ন জেলার যাত্রীরা এসব ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না। শুরু থেকেই কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। এ অবস্থায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আয়
- টিকিট বিক্রি
- বাংলাদেশ রেলওয়ে