সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
সরকারি চাকরিজীবীদের পেনশন, গ্র্যাচুইটি ও অবসরউত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার।
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধন করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যেসব পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী মাসিক নিট পেনশন পাচ্ছেন, তাদের পেনশন নির্ধারণে নতুন হার কার্যকর হবে।
বর্তমানে যাদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬৫ শতাংশ। ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬০ শতাংশ। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৫৫ শতাংশ।
নতুন নিয়মে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা। পেনশন বৃদ্ধির পর সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। তবে কোনো পেনশনভোগী বর্তমানে এর চেয়ে বেশি নিট পেনশন পেয়ে থাকলে ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত তিনি আগের হারেই পেনশন পাবেন।