ভারতে ‘নাতি-নাতনিও’ ভাড়া পাওয়া যায়, ঘণ্টায় ৪৫০ রুপি!

প্রথম আলো প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২১:৪৫

ভারতে জন্মগ্রহণ করা দুই মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাই স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে বাজার করতে বের হলে সুনীল বুধিরাজার সঙ্গে থাকেন এক তরুণ। ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের ব্যস্ত ব্যবসায়িক এলাকা গুরুগ্রামের এ তরুণের নাম রনি রাজু। ২৬ বছর বয়সী রাজু অর্থের বিনিময়ে বুধিরাজা দম্পতির ‘ভাড়া করা নাতি’ হিসেবে তাঁদের সঙ্গ দেন।


ভারতের বিভিন্ন শহরে অল্পসংখ্যক হলেও ক্রমেই বাড়ছে এমন কিছু প্রতিষ্ঠান, যারা স্বজনের কাছ থেকে একসময় স্বাভাবিকভাবেই পরিবারের প্রবীণ সদস্যের পাওয়া সেবা অর্থের বিনিময়ে দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কর্মীরা প্রবীণদের উপাসনালয়ে নিয়ে যান, হাসপাতালে গেলে তাঁদের সঙ্গে থাকেন, তাঁদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন কিংবা নিছক গল্প করেন। কেউ কেউ এসব কর্মীকে বলছেন ‘ভাড়া করা সন্তান’, আবার কেউ বলছেন ‘ভাড়া করা নাতি-নাতনি’।


বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত দ্রুত প্রবীণ মানুষের দেশে পরিণত হচ্ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট’ অনুযায়ী, ২০২২ সালে ভারতের মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৬০ বছর বা এর বেশি। ২০৫০ সালের মধ্যে এ হার প্রায় দ্বিগুণ হয়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে।


এ পরিসংখ্যানের অর্থ, ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হতে পারে। সংখ্যাটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান। ভারত সরকার প্রবীণদের সেবাশিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি (প্রায় ৭ বিলিয়ন) ডলার বলে অনুমান করছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে এসেছে দেশটির বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠান।


গুরুগ্রামে এমনই একটি প্রতিষ্ঠানে কাজ করেন রনি রাজু। সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই তরুণ কয়েক মাস ধরে বুধিরাজা দম্পতির দেখাশোনা করছেন। আশির কোঠায় থাকা বুধিরাজা আল–জাজিরাকে বলেন, ‘শুরু থেকেই ওর সঙ্গে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। আমার মনে হয়, সে আমাকে খুব ভালো বোঝে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও