খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী

প্রথম আলো প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১৪:০৩

প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ‘চাল-গমের মজুত বেশি, তবে বিতরণ কমেছে’। বিষয়টি উদ্বেগজনক বললে ভুল হবে না। কেননা, আমাদের মতো স্বল্পোন্নত দেশে সরকারের খাদ্য মজুতের ব্যবস্থা জোরদার করতে হয় প্রধানত দুটি কারণে। একদিকে ভর্তুকি মূল্যে অথবা ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে হয়। অন্যদিকে কৃষকের উৎপাদিত ফসলের মৌসুমে দাম পড়ে যাওয়া ঠেকাতে সরকারকে প্রণোদনা মূল্যে তা কিনে মজুত করতে হয়।


সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, টিসিবির ট্রাক সেল বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় প্রধানত খাদ্য বিতরণ কমেছে। ফলে মজুত বেড়েছে। সরকারি গুদামে মজুতের ধারণক্ষমতা যেহেতু সীমিত এবং রাতারাতি তা বাড়ানো সম্ভব নয়, তাই এবারের আমন মৌসুমে সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় বেশ কম হবে। বলার অপেক্ষা রাখে না, সংগ্রহের পাশাপাশি বিতরণব্যবস্থা সচল না থাকলে মজুত পরিস্থিতির ওপর চাপ পড়ে।


খাদ্যশস্য মজুতের জন্য সাইলো, সিএসডি (কেন্দ্রীয় খাদ্যগুদাম) ও এলএসডি (স্থানীয় খাদ্য সরবরাহ গুদাম) নির্মাণে প্রয়োজন হয় নৌপথ, সড়ক ও মহাসড়ক এবং রেলপথের সঙ্গে সংযোগের সুবিধাযুক্ত জমি। বাংলাদেশে জমির দাম ক্রমাগত বাড়ার পাশাপাশি এ ধরনের উপযুক্ত জমি পাওয়ার সংকটও রয়েছে।


বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া কয়েকটি সাইলো নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন ছিল। এসব প্রকল্পের ক্ষেত্রে কিছু জায়গায় স্থান নির্বাচন যথাযথ হয়নি। যেমন মধুপুরে একটি স্টিল সাইলো নির্মাণ করা হয়েছে, যেখানে নৌপথ বা রেলপথে যোগাযোগের ব্যবস্থা নেই। তৎকালীন সরকারের সময়ে প্রায় সমাপ্ত হওয়া প্রকল্পটি অন্তর্বর্তী সরকারকে বুঝে নিতে হয়। তবে যাঁরা এ ধরনের স্থাপনার স্থান নির্ধারণ করেছেন, তাঁদের আত্মতৃপ্তি এবং ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মুনাফা বাড়লেও এগুলো চালু রাখতে প্রচুর বিদ্যুৎ ব্যয় করতে হয়। পণ্য পরিবহন ও গুদামজাতকরণের জন্যও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়।


অন্তর্বর্তী সরকারের সময়ে আগের সরকারের নেওয়া নওগাঁর এ ধরনের প্রকল্প বর্তমান সরকার বাতিল করে সেখানে সিএসডি নির্মাণের সিদ্ধান্ত নেয়। দেশের অন্যান্য স্থানেও এসব স্থাপনা নির্মাণ, বর্তমান স্থাপনাগুলোর মেরামত ও ক্ষেত্রবিশেষে পুনর্নির্মাণ প্রয়োজন। 


বর্তমানে চাপাচাপি করে আমাদের খাদ্য মজুতের সক্ষমতা ২৪ লাখ টনের কাছাকাছি। এই সক্ষমতা দ্রুত বাড়ানো যাবে না। তবে চলমান কয়েকটি প্রকল্প শেষ হলে কিছুটা বাড়বে। এ সীমাবদ্ধতা মেনে নিয়েই আমাদের সংগ্রহ ও বিতরণব্যবস্থা বিবেচনায় রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও