একই নেইল কাটার সবার ব্যবহার করা যে কারণে বিপজ্জনক
অধিকাংশ পরিবারেই বাথরুমের ড্রয়ারে বা ঘরে একটিমাত্র নেইল কাটার বা নখ কাটার যন্ত্র থাকে, যা বাবা-মা, সন্তান বা জীবনসঙ্গী সবাই মিলে ভাগাভাগি করে ব্যবহার করেন।
আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক ও নিরীহ একটি ঘরোয়া অভ্যাস মনে হলেও, চর্মরোগ বিশেষজ্ঞরা একে মারাত্মক অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
নখ দেখতে যতই পরিষ্কার মনে হোক না কেন, একই নেইল কাটার একাধিক মানুষ ব্যবহার করলে এর মাধ্যমে ছোঁয়াচে ব্যাকটেরিয়া ও ছত্রাক, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে।
জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব মেডিসিনের চর্মরোগ বিভাগের অধ্যাপক ডা. মোনা গোহারা এবং যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নখ পরিচর্যা প্রতিষ্ঠান ‘নেইলস ইনক’-এর প্রতিষ্ঠাতা থিয়া গ্রিন জানান, নখ কাটার সময় ত্বকের চারপাশে তৈরি হওয়া অতি ক্ষুদ্র কাটাছেঁড়ার মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে।
নেইল কাটার ভাগাভাগি করার প্রধান স্বাস্থ্যঝুঁকি ও করণীয়
অদৃশ্য জীবাণু ও সংক্রমণের বাহক: ডা. মোনা গোহারা সতর্ক করে বলেন, “নখ দেখতে পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত থাকার প্রমাণ নয়। ব্যবহৃত নেইল কাটারের ব্লেডে আঁচিল সৃষ্টিকারী ভাইরাস, নাক খোঁটার ফলে হাতে লেগে থাকা ‘স্ট্যাফ ব্যাকটেরিয়া’ এবং বাথরুমের পর হাত ভালোভাবে না ধোয়ার কারণে তৈরি হওয়া ক্ষতিকর ‘ই. কোলাই’ জীবাণু আটকে থাকতে পারে।
সবার জন্য আলাদা নেইল কাটার: এই বিশেষজ্ঞের মতে, পরিবারের প্রতিটি সদস্যের- এমনকি স্বামী-স্ত্রী ও শিশুদেরও সম্পূর্ণ আলাদা নেইল কাটার থাকা বাধ্যতামূলক।
এছাড়া থিয়া গ্রিন, হাতের নখ এবং পায়ের নখ কাটার জন্যও দুটি আলাদা যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কারণ পায়ের নখে ছত্রাকজনিত সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে।