মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের
তিস্তা মহাপরিকল্পনার কাজ কবে শুরু হবে, আদৌ হবে কি না—এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নদীপাড়ের মানুষ। দেশের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা এলেও এখনো কাজ শুরুর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয়টি প্রস্তাব দিয়েছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে প্রকল্পের বাজেট অনুমোদন, সময়মতো রোডম্যাপ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, তিস্তা বন্ড চালু, অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং তিস্তার সঙ্গে যুক্ত ২২টি শাখা নদী পুনরুজ্জীবিত করা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প শুরুর আগে এর কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে এই সমীক্ষায়।
প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের মাধ্যমে তিস্তা নদীর পানিপ্রবাহ, নদীর গঠন ও পরিবর্তন, পরিবেশ এবং আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তিস্তা মহাপরিকল্পনা