হামলা বন্ধে হুথিদের ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব, দাবি ইসরায়েলি মিডিয়ার
ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বিনিময়ে সৌদি ভূখণ্ডে সব ধরনের হামলা বন্ধ করতে হবে হুথিদের। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়, হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে তেহরানে আয়োজিত এক গোপন বৈঠকে অংশ নেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইরানের মাধ্যমে ওই অর্থ হুথিদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
একটি কূটনৈতিক সূত্রের দাবি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী যে 'হারকিউলিস' সামরিক পরিবহন বিমানে তেহরানে পৌঁছান, সেটিতে করেই ওই অর্থ নিয়ে যাওয়া হয়েছিল। তবে সৌদি আরবের এক কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যমের কাছে অর্থ হস্তান্তরের এই বিষয়টি নিশ্চিত করেননি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধবিরতি