শিক্ষকতাই যদি হয় প্রথম পছন্দের পেশা...

www.ajkerpatrika.com স্বপ্না রেজা প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৩

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপিত হলো। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা হবে মেধাবীদের প্রথম পছন্দের পেশা। শিক্ষাদীক্ষায় মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। খুবই ভালো কথা। জনগণকে আশ্বস্ত করার মতোই কথা। কিন্তু এই ধরনের বক্তব্য নতুন নয়, প্রায় সব সরকারের আমলেই দিবস উদ্‌যাপনে এ ধরনের বক্তব্য বলা হয় কিন্তু কার্যকর হতে দেখা যায় কি? জবাব খুঁজে পাওয়া কঠিন। অনেকে মনে করেন, শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন সেই অর্থে ঘটেই না এবং শিক্ষক নিয়োগেও সরকার দলীয়করণের ঊর্ধ্বে যেতে পারেনি, পারেও না। বরং শিক্ষা ও স্বাস্থ‍্যব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবহেলা ও বেহাল অবস্থাটা রয়েই যাচ্ছে যুগ যুগ ধরে।


পরিবর্তন বলতে যা দেখা যায় তা হলো, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হয়, তখন তাদের চেতনাগত বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ও কারিকুলামও পরিবর্তিত হয়। বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের অবিকল ধারাবাহিকতা আর থাকে না। ফলে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি সম্পর্কে জানতে পারে না। কিংবা জানলেও সেই জানার মধ্যে ভয়ংকর বিভাজন থেকে যায়। এটা এই জাতির জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় যে স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশটার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি এবং সেটা দলীয় রাজনৈতিক স্বার্থের কারণেই। এমন নির্লজ্জ সত্য সবাই বোঝে। রাজনৈতিক বিভক্তি, বিভাজন, দ্বন্দ্ব, প্রতিহিংসা, প্রতিশোধপরায়ণতা ইত্যাদি কারণে জাতিগত ঐক্যের অভাবটাও থেকেই গেছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে সাধারণ মানুষ। শিক্ষার বিষয়বস্তু আধুনিক ও উন্নত জীবনমান উপযোগী করে তোলার বিষয়েও সর্বজনীন সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গুরুত্ব পায়নি। উপযুক্ত ব্যক্তিদের দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় না বলে অনেকের ধারণা।


যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত শক্তিশালী ও উন্নত এবং সমৃদ্ধ তো বটেই। আর যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত, তিনি হলেন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সম্মানিত ব্যক্তি। তাঁর দ্বারাই রাষ্ট্রে শিক্ষিত, মেধাবী সুনাগরিক গড়ে ওঠে। তিনি বা তাঁরা রাষ্ট্রকে সুনাগরিক উপহার দেন। একটা সময় ছিল, যখন শিক্ষকদের জীবনযাপন ছিল অতিসাধারণ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রদের জ্ঞান দান, শিক্ষিত করে তোলার ব্রত নিয়েই তাঁরা জীবন অতিবাহিত করেছেন। বিনিময়ে অর্থ, প্রাচুর্য নয়, উপরন্তু শিক্ষার্থীদের কাছ থেকে, সমাজের কাছ থেকে পেয়েছেন অসীম শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা।


পাঠশালা, মাস্টারমশাই, গুরুদক্ষিণা শব্দগুলোর প্রচলন ছিল তখন বেশ। কিন্তু ধীরে ধীরে শিক্ষাব্যবস্থার মধ্যে পরিবর্তন আসে, বাণিজ্যিক বিষয়টি জ্বলে ওঠে। যার নেপথ্যে কাজ করে পুঁজিবাদের আগ্রাসন ও ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক স্বার্থ। শিক্ষাব্যবস্থা চলে যায় দলীয় রাজনীতির দখলে, নিয়ন্ত্রণে ও তার চেতনার কারাগারে। এই সুযোগে শিক্ষার্থীদের সঠিক ও গুণগত শিক্ষাদানের আদর্শ থেকে বেরিয়ে শিক্ষকদের একটা অংশকে দেখা গেছে বিত্তবান হওয়ার দৌড়ে যুক্ত হয়েছে। প্রক্রিয়া হিসেবে তারা অলিতে, গলিতে, পাড়া-মহল্লায় ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলে বসে। এভাবে শিক্ষকদের কেউ কেউ তাঁদের শিক্ষাদানের মূল জায়গা তথা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব থেকে সরে আসেন। পাশাপাশি, মূল বই পড়ার চেয়ে নোট সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা হয়। শিক্ষাদান বিষয়টি একরকম বাণিজ্যে পরিণত হয়; যা মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের নাগালের বাইরে থেকে যায়।


দুঃখজনক হলেও সত্য যে মূল শিক্ষাপ্রতিষ্ঠানে কে পড়াচ্ছেন, কী পড়াচ্ছেন, গুণগত ফলাফলইবা কী, সেটা মনিটরিং করার প্রয়োজন বোধ কখনো হয়েছে বলে মনে হয় না। যা হয়েছে তা সবই লোকদেখানো ও অনুষ্ঠাননির্ভর। তার ওপর আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুযোগ প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব। শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কমিটিতে রাজনৈতিক নেতাদের যুক্ত হওয়ার বিষয়টিও যেন প্রতিষ্ঠানগুলোর অবয়বে দলের আধিক্যই দৃশ্যমান করে তোলে, যেখানে শিক্ষার গুণগত চেহারা খুঁজে পাওয়া কঠিন হয়।


আবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপযুক্ত ও যোগ্য মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগের পরিবর্তে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ঘটনা কিন্তু নতুন বা কম নয় এবং সেটা সব সরকারের আমলেই পরিলক্ষিত হয়েছে। কোনো রাজনৈতিক সরকার দলীয়করণ সংস্কৃতির ঊর্ধ্বে অবস্থান নিতে পেরেছে বলে মনে করে না সাধারণ মানুষ। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে রাজনৈতিক ছাত্রসংগঠন ও শিক্ষক সংগঠন তাদের দলের প্রতিনিধিত্ব করে, দলের আধিপত্য কায়েম করে। সোজা কথা, রাজনৈতিক দল শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দলের সম্মুখযুদ্ধের কেন্দ্রে পরিণত হয়। আবার যেসব শিক্ষক ও শিক্ষার্থী অরাজনৈতিক থাকেন, তাঁদের ক্ষতি ও ভোগান্তি হয় সীমাহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও