বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব সম্পর্ক নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ‘এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎ–মুখী।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর জানাজানি হয়েছে।
ব্রিফিংয়ে এই নিয়োগ প্রসঙ্গে জানতে চাওয়া হয়, বাংলাদেশ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের হাইকমিশনার হওয়ার কথা ঘোষণা করেছে। এই নিয়োগ এমন সময়ে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথাবার্তা নতুন করে শুরু হয়েছে। এই নিয়োগের বিষয়টি কি সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতবাহী?
এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সঙ্গে সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক কামনা করে এসেছি। দুই দেশের মধ্যে কাঠামোগত যে ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে থেকেই আমরা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। এটাই আমাদের অভিপ্রায়। আমরা চাই, আমাদের সম্পর্কের অভিমুখ ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী হোক।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান