You have reached your daily news limit

Please log in to continue


সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায় নিয়ে ভুল বুঝেছিলেন জেদ্দা মিশনের কর্মকর্তারা

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মামলাটিকে ছয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মামলা বলে মনে করেছিলেন জেদ্দায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় কমিটিকে জানায়, সৌদি আরবের কারাবন্দিদের তালিকায় ব্যবহৃত শ্রেণিবিন্যাসের কারণে কর্মকর্তারা ধারণা করেছিলেন, ওই দুই বাংলাদেশির ছয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দুজন যে মৃত্যুদণ্ডের মুখোমুখি, তা মিশনের কর্মকর্তারা বুঝতে পারেননি।

এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাব পাওয়ার পর তা অবহিত করতে বলেছে সংসদীয় কমিটি।

জেদ্দায় বাংলাদেশ মিশনের কোনো গাফিলতি ছিল কি না, ত্রুটি পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—এসব বিষয়েও কমিটি প্রতিবেদন চেয়েছে।

কমিটিতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর ঢাকাকে আগাম না জানিয়েই সৌদি আরবে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আলাদা দুটি অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে ওই দুই বাংলাদেশি সৌদি আরবে আটক ছিলেন। তাদের একজনের বিরুদ্ধে ‘সাইবার অপরাধ’ এবং অন্যজনের বিরুদ্ধে ‘ব্যভিচারের’ অভিযোগ আনা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় ১৪ দিন আগে সৌদি আরব প্রায় ২ হাজার ৫০০ বন্দির একটি তালিকা পাঠিয়েছিল। ওই তালিকায় দুই বাংলাদেশির নাম থাকলেও তাদের মামলার বিষয়টি যথাযথভাবে শনাক্ত করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন