আদালতের আগেই রায়: ডিজিটাল জনতার বিচারে একজন মানুষ
একজন মানুষের বিরুদ্ধে একটি অভিযোগ উঠল। একটি ভিডিও ছড়িয়ে পড়ল। একটি ছবি প্রকাশ পেল। একটি ফোনালাপের অডিও সামনে এলো। কেউ একটি পোস্ট লিখল—“দেখুন, আসল চেহারা বেরিয়ে গেছে!” তারপর শুরু হলো শেয়ার, কমেন্ট, নিন্দা, ব্যঙ্গ, কৌতূহল, গুজব এবং অসংখ্য অনুমান। কয়েক ঘণ্টার মধ্যেই একজন মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমের আদালতে অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই তিনি হয়ে গেলেন “অপরাধী”।
তারপর শুরু হলো চরিত্রহনন। কিন্তু আদালত কোথায়? প্রমাণ কোথায়? অভিযুক্ত ব্যক্তির বক্তব্য কোথায়? একটি অভিযোগের সত্যতা যাচাই হতে সময় লাগে; কিন্তু ডিজিটাল জনমতের আদালতে একজন মানুষের সামাজিক বিচার হয়ে যেতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—আইনগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হওয়ার আগেই আমরা কীভাবে একজন মানুষের সামাজিক মৃত্যু ঘটিয়ে দিচ্ছি? এটাই আমাদের বর্তমান সময়ের একটি গভীর উদ্বেগের প্রশ্ন।